এলাকার আইনশৃঙ্খলা ভালো, আপনারা ফার্স্ট হইছেন: ফরিদপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আনসার কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীছবি: প্রথম আলো

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘নির্বাচনের দিন যদি কোনোরকমের সমস্যা হয়, সেদিন দেখবেন, আইনশৃঙ্খলা নিয়ে কী ধরনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে।’ আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আনসার কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের জন্য এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার আইনশৃঙ্খলার ব্যাপারে একটু মতবিনিময় সভা করলাম। এখানে আমি দেখলাম, প্রস্তুতি খুবই ভালো। প্রায় প্রতিটা কেন্দ্রেই সিসিটিভি লেগে গেছে। আনসার সদস্যরা যাওয়ার সাথে সাথে কেন্দ্রের সুরক্ষার ব্যবস্থাও হয়ে যাবে। এখানে ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। মোটামুটি আমি দেখলাম যে এখানকার পরিস্থিতি খুবই ভালো।’ তিনি বলেন, ‘যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই, ওখানেও বাঁশ দিয়ে একটা বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য আমি আশা করতেছি, এখানকার নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে। ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আজ সফর করে দেখলাম যে এই এলাকার আইনশৃঙ্খলা ভালো। আইনশৃঙ্খলায় আপনারা ফার্স্ট হইছেন। এইবার যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে, কোনো ইতিহাসে আপনারা দেখাইতে পারবেন না আইনশৃঙ্খলা বাহিনী এত ছিল।’

আগের অন্য নির্বাচনগুলোর সঙ্গে তুলনার কথা জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অন্য নির্বাচনগুলোতে যে রকম সহিংসতা হতো, এবার কিন্তু ও রকম আল্লাহ দিলে এখন কোনো ধরনের সমস্যা হয় নাই। আমরা আশা করব যে সামনেও হবে না। আপনাদের সবারই এ জন্য চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আরেকটা জিনিস হলো, আপনারা দেখছেন, অন্যান্য সময় আইনশৃঙ্খলা বাহিনী, স্পেশালি সশস্ত্র বাহিনী, এরা ভোটকেন্দ্রের প্রাঙ্গণে যেতে পারত না। এবার আমাদের সিনিয়র সচিব কিন্তু একটা ভালো ব্যবস্থা করে দিছে। প্রতিটা ভোট প্রাঙ্গণে তারা যাবে। এই সব প্রস্তুতি নিয়েই কিন্তু এখানে আলাপ করলাম আজকে। সবকিছু তো ডিসক্লোজ করে দেওয়া যাবে না।’

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিকসহ যৌথ বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।