নোয়াখালীতে সোনালী ব্যাংকের চার কর্মকর্তাসহ পাঁচজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

নোয়াখালীতে ইলিশ মাছের ব্যবসার কথা বলে ২ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের ৪ কর্মকর্তাকে ২৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১ কোটি ২৪ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে ঋণগ্রহীতাকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ কোটি টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মেসার্স ডলফিন সি ফুড ইন্ডাস্ট্রিজের মালিক মো. নিজাম উদ্দিন, সোনালী ব্যাংক মাইজদী কোর্ট শাখার সাবেক সহকারী উপমহাব্যবস্থাপক (এজিএম) এ জে আবদুল্লা আল-মামুন, জ্যেষ্ঠ কর্মকর্তা জাকের উল্লাহ, সাবেক এওজি (ক্যাশ) এম এ রহমান ও প্রধান কার্যালয়ের প্রকৌশলী সামছুদ্দোহা নাহিদ।

দুদকের আইনজীবী আবুল কাশেম প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে তিনজন উপস্থিত ছিলেন এবং বাকি দুজন পলাতক। উপস্থিত জাকের উল্লাহ, এম এ রহমান ও সামছুদ্দোহা নাহিদকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের আইনজীবী আরও বলেন, নোয়াখালী শহরের সোনাপুর বিসিক শিল্প এলাকার মেসার্স ডলফিন সি ফুড ইন্ডাস্ট্রিজের মালিক মো. নিজাম উদ্দিন সোনালী ব্যাংক লিমিটেডের মাইজদী কোর্ট শাখা থেকে চলতি মূলধন (হাইপো) ঋণ নিয়ে ব্যবসা করে আসছিলেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ইলিশ মাছের ব্যবসার জন্য ২০১২ সালের ১০ জুলাই ২ কোটি টাকা চলতি মূলধন (প্লেজ) ঋণ অনুমোদন দেওয়া হয়। ঋণগ্রহীতা ওই মাসের ২৯ তারিখ থেকে একই বছরের ১২ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক থেকে ১ কোটি ৯৭ লাখ ১৬ হাজার ৭০০ টাকা উত্তোলন করেন।

পরে তিনি ঋণের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেন, যার মাধ্যমে তিনি উল্লেখিত টাকা আত্মসাৎ করেন। তার পুরো কর্মকাণ্ডের সঙ্গে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশ থাকায় ঋণগ্রহীতা ও ঋণ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ২০১৬ সালের ১৭ এপ্রিল একই শাখার কর্মকর্তা মোস্তফা কামাল সুধারাম থানায় একটি নিয়মিত মামলা করেন। তদন্ত শেষে দুদক পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য শেষে গতকাল রায় দেন আদালত।