আয় বেড়েছে কিন্তু অভাব কমেনি নিখিলদের
ব্রহ্মপুত্রের তীরে বসে মাছ রাখার টুকরি বুনছিলেন নিখিল চন্দ্র (৬০)। তাঁর পাশেই বসে ছিলেন বাদল মিয়া (৫২)। মাছের ব্যবসা করেন নিখিল। আর বাদল পেশায় কৃষক। পেশা ভিন্ন হলেও প্রতিবেশী হওয়ার সুবাদে দুজনের আড্ডা জমেছিল বেশ। তাঁরা দুজনই নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দিঘলদী এলাকার বাসিন্দা। নীরব দর্শক হিসেবে এ আড্ডায় যোগ দিলাম।
পুরোনো ব্রহ্মপুত্র নদের রুপালি জলে ডুবসাঁতারে নিখিল বড় হয়েছেন। দুই পুরুষ ধরে ব্রহ্মপুত্রের মাছ বিক্রি করেই রুটিরুজি। নিত্যদিনের ব্যবহার থেকে শুরু করে কৃষিকাজ, মাছ ধরা—নিখিলদের জীবনের সঙ্গী এ ব্রহ্মপুত্র। নিখিলের ভাষায়, নদের সঙ্গে তাঁদের ‘মা–পুতের সম্পর্ক’। নিখিলের বাবা তুফানি চন্দ্র দাস ছিলেন মাছের মহাজন। ব্রহ্মপুত্রের জেলেদের দাদন দিয়ে অগ্রিম মাছ কিনে নিতেন। সেই মাছ বিক্রি করতেন নারায়ণগঞ্জের মিনা বাজার, টান বাজারে। বাবার মৃত্যুর পর নিখিল ব্যবসার হাল ধরেন।
দুই পুরুষ ধরে মাছ বিক্রি করলেও গত এক যুগে কাজের ধরন পাল্টেছে নিখিলের। এখন তাঁর প্রধান কাজ টুকরি বোনা। মাছ ব্যবসার প্রয়োজনেই একসময় বাবার কাছ থেকে বাঁশ দিয়ে টুকরি বুনতে শিখেছিলেন। সেই টুকরি এখন আকারভেদে ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করেন। পাশাপাশি গ্রামের হাটে চলে মাছ বিক্রি। তবে এতে আর এখন সংসার চলে না নিখিলের। তাই নিখিলের দুই ছেলেও এখন উপার্জন করে সংসারে খরচ মেটানোর চেষ্টা করেন।
নিখিলের বড় ছেলে অমিত চন্দ্র দাস ডকইয়ার্ডের শ্রমিক। মেজ ছেলে অনন্ত দাস একটি কারখানায় কাজ করেন। দুই ছেলে আর নিজের উপার্জন মিলে মাসে প্রায় ৪০ হাজার টাকা আয় হয়। ছেলেরা মাছ ব্যবসায় এল কেন?—নিখিলকে এ প্রশ্ন করলে বলেন, ‘কেমনে আইব? গাঙে মাছ নাই ১৫ বছর। আড়াইহাজারের ডাইংগুলা (কারখানা) গাঙ নষ্ট করছে। গ্রামের কোনো লোকই এহন আর মাছ ব্যবসায় নাই।’
তবে ডকইয়ার্ড ও কারখানায় কাজ করে ছেলেদের পোষায় না বলে জানান নিখিল। তাই ছোট ছেলে জয়ন্ত দাসকে বিদেশে পাঠানোর চেষ্টা করছেন। গ্রামের এক আদম ব্যবসায়ীর কাছে সিঙ্গাপুরে পাঠানো বাবদ টাকাও দিয়েছিলেন। তবে তাঁর মতো অনেক মানুষের টাকা নিয়ে সেই ব্যবসায়ী গ্রাম ছেড়ে পালিয়েছেন।
গত ৪০ বছরে নিখিলের পরিবারে আয় বেড়েছে তিন গুণের বেশি। তবে নিখিলের দাবি, আয় বাড়লেও অভাব কমেনি। বরং বেড়েছে। ৩৫ থেকে ৪০ হাজার টাকা আয়েও সাতজনের সংসারে টানাপোড়েন লেগে থাকে। কাজ করতে ছেলেদের যেতে হয় আট কিলোমিটার দূরের নারায়ণগঞ্জ শহরে। যাতায়াত আর হাত খরচেই আয়ের বড় অংশ চলে যায়। এর ওপর সবজি থেকে শুরু করে মাছ, মাংস, চাল—সবই কিনতে হয়। চড়া মূল্যের বাজারে এ আয়ে সংসার চলে না।
দীর্ঘশ্বাস ফেলে নিখিল বলেন, ‘আগে গাঙের মাছ খাইসি বিনা পয়সায়। নিজের জমিতে শাকসবজি, গাছে ফলফলারি হইছে। এহন সবই তো কিনা লাগে। খেতে ফসল কইরা পোষায় না। গাঙে পানি নাই, মাছ নাই। গরমে ফ্যান ছাড়া বওন যায় না।’
এবার নিখিলকে থামিয়ে আক্ষেপের কথা বললেন বাদল। তাঁর নিজের জমি নেই। প্রতি বিঘা চার হাজার টাকা পত্তনে তিনি জমি চাষ করেন। দুই ফসলি জমি। সার, কীটনাশক, পানি, বীজের খরচ মিটিয়ে যতটুকু ফসল পান, তাতে লাভের চেয়ে লোকসানই বেশি। বাদল বলেন, গেল মৌসুমে তিনি ব্রি-৫০ জাতের ধান করেছেন। দুই বিঘা জমিতে ৩২ হাজার টাকা খরচ করে ধান পেয়েছেন ৩১ মণ। হিসাব করে দেখেছেন, নিজের শ্রমের মূল্য বাদ দিলেও লোকসান হয়েছে। গত তিন বছর এভাবে ধান উৎপাদনে লোকসান গুনছেন। অসময়ের বৃষ্টিতে গেল বছর শর্ষে নষ্ট হওয়ার পর পুঁজিও তুলতে পারেননি।
দ্রব্যমূল্য দাম বাড়ার কারণে সংসার খরচ বেড়ে গেছে বাদলের। অল্প আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি। বাদল বলেন, ‘কেমনে বাঁচমু ভাই! সয়াবিন তেলের দাম বাড়ছে, ডিজেল–সারের দামও বাড়ছে। জিনিসপত্র বেঁচতে গেলে দাম পাই না, আবার কিনতে গেলে দাম। সিন্ডিকেট কইরা সব উল্টাপাল্টা কইরা দিসে। এমনে আর কৃষি করার মানে হয় না।’