‘কষ্ট হইলেও টাকা জমেয়া পোলাও–গোশত খাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের চায়ের দোকানে আইয়ুব হোসেন
ছবি: প্রথম আলো

আইয়ুব হোসেনের কষ্ট আছে, আছে অভাব। পড়ালেখা করতে পারেননি। একসময় শূন্য হাতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এখানে-ওখানে ঘুরেফিরে কাজ করেছেন। অনেকটা সময় চায়ের দোকানে নলকূপের পানি সরবরাহের কাজ করেছেন। কষ্ট করে টাকা জমিয়ে একসময় একটি রিকশাভ্যান কেনেন। সেটিতে চা-বিস্কুট বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে ছেলেমেয়েকে পড়াচ্ছেন, সংসার চালাচ্ছেন।

আইয়ুব হোসেনের বয়স ৪৮ বছর। তাঁর আদি বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার সাতদরগা এলাকায়। সংসারে স্ত্রী ও দুই ছেলে–মেয়ে। এর মধ্যে ছেলে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ছেন। মেয়ে পড়ছে স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে।

আইয়ুব পুরোনো একটি ভ্যান কিনেছেন চার হাজার টাকায়। ২০ বছরের বেশি সময় ধরে তিনি রংপুর শহরের নানা স্থানে চা বিক্রি করেছেন। বর্তমানে টাউন হলের সামনে তাঁর ঠিকানা। ভ্যানটির ওপরের অংশে কাঠ, বাঁশ ও পলিথিন দিয়ে ছাউনি দেওয়া হয়েছে। নিচের অংশে একটি বাক্স। বিক্রি করেন বিস্কুট, বনরুটি, কলা ও লাড্ডু। চা তৈরির জন্য একটি গ্যাস সিলিন্ডার আছে।

সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেন আইয়ুব হোসেন। তাঁর চায়ের স্টলের ক্রেতা রংপুরের সাংস্কৃতিক অঙ্গনের কর্মী-সংগঠকেরা। প্রতিদিন এখানে চা পান করতে আসেন রংপুরের পুরোনো নাট্য সংগঠন শিখা সংসদের সাধারণ সম্পাদক আবদুল মালেক। তিনি বলেন, ‘আইয়ুবের এখানে এলে কিছু বলা লাগে না। গ্লাস পরিষ্কার করে পানি খাওয়ান। কার কেমন চা পছন্দ, তা–ও বলতে হয় না। সেই সঙ্গে কম পয়সার বিস্কুট–রুটিও এখানে মেলে।’

আইয়ুব হোসেনের সঙ্গে কথা হলো। তিনি বলেন, দিনে তাঁর বিক্রি দুই থেকে আড়াই হাজার টাকা। এতে প্রতিদিন ৩০০ টাকার মতো আয় হয়। একজনের আয়ে সংসার চালানো কষ্টকর হওয়ায় তাঁর স্ত্রীও কাজে যুক্ত হযেছেন। আইয়ুবের স্ত্রী প্রতিদিন ২০ কিলোমিটার দূরের পীরগাছার সাতদরগা এলাকা থেকে দুধ এনে শহরের বাসাবাড়িতে বিক্রি করেন। বর্তমানে দুজনের আয়ে তাঁদের সংসার চলে।

আইয়ুব বলেন, ‘মুই কোনো স্কুলোত পড়াশোনা করো নাই। মোর শখ, ছাওয়া দুইটা পড়বে। ভালো মানুষ হইবে। চাকরি করবে। ছেলেটা পলিটেকনিকে পড়ছে। মুই লেখাপড়া না জানলেও গ্রামের মানুষজন কয়, ওই দেখো, আইয়ুবের বেটা ইঞ্জিনিয়ারিং পড়ে। প্রতিদিনই কষ্ট। তারপরও কারও কাছোত সাহায্য চাও নাই। কারও কাছোত হাত পাতোও না। হামরা গরিব মানুষ। হামার সংসারোত কষ্ট থাকবে। অভাবের শেষ নাই। তবে কষ্ট হইলেও টাকা জমেয়া মাঝেমধ্যে পোলাও-গোশত খাই।’