শখের ছাদবাগানে এখন ২৫০ ধরনের গোলাপ 

পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে বাড়ির ছাদে গোলাপের সমৃদ্ধ বাগানটি গড়ে তুলেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জেসন ভৌমিক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিনের চেষ্টায় জেসন ভৌমিক ছাদজুড়ে গড়ে তুলেছেন গোলাপের বাগান। গত সোমবার বিকেলে গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকায়
ছবি: প্রথম আলো

বাসাটি ২ হাজার ২০০ বর্গফুটের। এই বাসার ছাদজুড়ে গোলাপের বাগান। ফুটেছে দেশ–বিদেশের বিভিন্ন জাতের গোলাপ ফুল। একেকটি ফুল একেক রঙের, সৌন্দর্যের দিক থেকেও ভিন্ন। এ ছাদবাগানটি গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকায়।

পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে বাড়ির ছাদে গোলাপের সমৃদ্ধ বাগানটি গড়ে তুলেছেন জেসন ভৌমিক নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এই ছাদবাগানের গোলাপে মানসিক প্রশান্তি তো মিলছেই, মিটছে পরিবার বা আত্মীয়স্বজনের ফুলের চাহিদা। তৈরি হয়েছে আর্থিক সচ্ছলতার উপলক্ষও।

জেসন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সম্প্রতি অর্থনীতি বিষয়ে স্নাতক পাস করেছেন। এখন চলছে মাস্টার্সের প্রস্তুতি। থাকেন দক্ষিণ ছায়াবীথির নিজ বাড়িতে। কথায় কথায় জানা গেল, স্কুলজীবন থেকেই গোলাপের প্রতি আকর্ষণ জেসনের। সেই আকর্ষণকে কাজে লাগিয়ে একটু একটু করে গড়ে তুলেছেন গোলাপের বাগানটি। বর্তমানে তাঁর বাগানে রয়েছে প্রায় ২৫০ ধরনের গোলাপ ফুলের গাছ।

যেভাবে শুরু

২০০৫ সাল। জেসন তখন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। একদিন গ্রামের বাড়ি মাগুরায় একটি বিয়ের অনুষ্ঠানে যান। অভ্যথ৴নায় অন্য সবার মতো একটি গোলাপ দেওয়া হয় তাঁকে। গোলাপের রূপ ও সৌন্দর্য তাঁর মন কেড়ে নেয়। গোলাপটি অতি যত্ন করে বাসায় নিয়ে আসেন তিনি। হঠাৎ তাঁর মাথায় আসে বাগানের চিন্তা। এরপর একদিন নার্সারি থেকে চারা সংগ্রহ করে বাসার ছাদে টবে লাগান। সেখানে ফুল ফোটে। আগ্রহ আরও বেড়ে যায়। এরপর একটি-দুটি করে বাড়তে থাকে গোলাপের চারা। একসময় গোলাপ গাছে ভরে যায় পুরো ছাদ।

জেসন বলেন, ‘বিয়েতে সেই গোলাপটি দেখে আমার বাগান করার খুব ইচ্ছা হয়। এরপর বিভিন্নভাবে বিভিন্ন নার্সারিতে যোগাযোগ করি। ভিন্ন ভিন্ন জাত সংগ্রহ করি। ইন্টারনেটের মাধ্যমে কয়েকটি বিদেশি জাতও সংগ্রহ করি। এখন সব মিলিয়ে আমার বাগানে ২৫০টির বেশি জাতের গোলাপ গাছ রয়েছে। মৌসুমে যে পরিমাণ গোলাপ ফোটে, তা দিয়ে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারেও বিক্রি করা সম্ভব। এ ছাড়া মানসিকভাবেও তৃপ্তি মিটছে।’

সরেজমিনে একদিন

গাজীপুর শহরের কাজী আজিমউদ্দীন কলেজের সামনে থেকে একটু সরু গলি ধরে কিছুটা সামনে এগোলে হাতের বাঁয়ে জেসনদের দোতলা বাড়ি। গত সোমবার বিকেলে বাসার ছাদে গিয়ে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন টবে লাগানো হয়েছে গোলাপের গাছ। অধিকাংশ গাছেই ফুল ফুটেছে। কোনোটি লাল, কোনোটি হলুদ আবার কোনোটি সাদা। এতে পুরো ছাদেই তৈরি হয়েছে মনোরম পরিবেশ।

গোলাপ ফুলের চারার পরিচর্যা সম্পর্কে আগে থেকে তেমন কোনো ধারণা ছিল না জেসনের। বাগান করার চিন্তা মাথায় আসার পর থেকেই বিভিন্ন নার্সারিতে যোগাযোগ করেন তিনি। টবে গোলাপের গাছ লাগানো, সার দেওয়া ও পরিচর্যা— সবকিছুই তিনি করেন ইন্টারনেটের সহযোগিতায়। এই ছাদবাগানেই দেশের সবচেয়ে বেশি প্রজাতির গোলাপ আছে বলে দাবি জেসনের।

গোলাপের নাম বঙ্গবন্ধু

বাগানের পাশাপাশি গোলাপ নিয়ে গবেষণাও করেন জেসন। গবেষণার অংশ হিসেবে ভিন্নজাতের গোলাপের ‘ক্রস ব্রিডিংয়ের’ মাধ্যমে এ পর্যন্ত সাতটি নতুন জাত উদ্ভাবন করেছেন বলে দাবি তাঁর। অর্থাৎ বাগানে থাকা ২৫০ জাতের মধ্যে ৭টি তাঁর নিজের উদ্ভাবিত। এর মধ্যে একটির নামকরণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। 

জেসন জানান, ২০২২ সালের জানুয়ারিতে ‘মোনালিসা’ ও ‘পিংক ডলোমিটি’ নামের দুটি ভিন্নজাতের গোলাপের ক্রস ব্রিডিং করেন তিনি। সেখান থেকে ওই বছরের ডিসেম্বরের দিকে একটি ভিন্নজাতের চারা উৎপন্ন হয়। এরপর সেই চারা টবে লাগান তিনি। সেখান থেকে গাছ হয়ে এ বছর ২৬ মার্চ একটি গোলাপ ফোটে। গোলাপটির পাপড়ির সংখ্যা ৪৭ থেকে ৫০টি। গোলাপি, সাদা ও হালকা সবুজ মিশ্রিত রং। জেসন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানার্থে এটির নাম দেন ‘বঙ্গবন্ধু গোলাপ’।

জেসন বলেন, ‘ইন্টারনেট ঘেঁটে পুরো গোলাপ সায়েন্স মুখস্থ করেছি। সেখান থেকে বহু চেষ্টায় নিজে সাতটি ভিন্ন জাত উদ্ভাবন করেছি। বাইরের দেশগুলোতে অনেকে নিজেদের উদ্ভাবিত জিনিসে বিখ্যাত ব্যক্তির নামকরণ করে থাকেন। তাই আমিও আমার উদ্ভাবিত একটি গোলাপের নাম দিয়েছি বঙ্গবন্ধুর নামে।’

জেসনের উদ্ভাবিত গোলাপের জাত প্রসঙ্গে কথা হয় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক মেহফুজ হাসানের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘তিনি (জেসন) হয়তো দুটি ভিন্ন জাতের গোলাপের ক্রস ব্রিডিং করে ভিন্ন বৈশিষ্ট্যের কোনো গোলাপ পেয়েছেন, যা দেখতে সুন্দর বা আকর্ষণীয়। তবে এটিকে এখনই জাত বলার কোনো সুযোগ নেই। জাত হিসেবে অবমুক্ত করতে হলে প্রয়োজন গভীর গবেষণা, পর্যবেক্ষণ ও জাতীয় বীজ বোর্ডের যথাযথ অনুমোদন। তবে শখের বসে বাগান এবং সেখান থেকে নিজ আগ্রহে ক্রস ব্রিডিংয়ের বিষয়টি প্রশংসনীয়।’