জুড়ীতে টিলা কাটার তথ্য সংগ্রহ করতে গিয়ে ২ সাংবাদিক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সাংবাদিক জাকির হোসেন ও মাছুম আহমেদ (ডানে)
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কুয়েতপ্রবাসী এক ব্যক্তির এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে টিলা কাটার তথ্য সংগ্রহ করতে যাওয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকেরা হলেন দৈনিক ভোরের সময় পত্রিকার জুড়ী প্রতিনিধি জাকির হোসেন ও দৈনিক অপরাধ দমন পত্রিকার স্থানীয় প্রতিনিধি মাছুম আহমেদ। এ ঘটনায় ওই সাংবাদিকেরা জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা কুয়েতপ্রবাসী নিমার আলী বাড়ি তৈরি করার জন্য ২০ থেকে ২৫ ফুট উচ্চতার টিলা কেটে জায়গাটি সমান করতে একটি এক্সকাভেটর যন্ত্র ভাড়া করে আনেন। ওই যন্ত্র দিয়ে দুই–তিন দিন ধরে টিলা কাটার কাজ চলছিল। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল সেখানে যায়। কিছুক্ষণ সেখানে থেকে আবার তারা ফিরে আসে। টিলা কাটার খবর পেয়ে তথ্য সংগ্রহের জন্য ওই সাংবাদিকেরা সেখানে যান।

সাংবাদিক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল রাতের ঘটনার খবর পেয়ে তিনি সহকর্মী মাছুম আহমদকে নিয়ে আজ সকাল নয়টার দিকে মোটরসাইকেলে করে জাঙ্গালিয়া গ্রামে যান। তাঁরা মুঠোফোনে টিলা কাটার ছবি ও ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে অভিযুক্ত নিমার আলী তাঁদের দেখে উত্তেজিত হন। তিনি (নিমার) লাঠি নিয়ে চড়াও হলে তাঁরা আত্মরক্ষায় দৌড়াতে থাকেন। পরে আশপাশের কিছু লোক ছুটে গিয়ে নিমারকে নিবৃত্ত করার চেষ্টা করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে ফিরে দুপুর ১২টার দিকে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

জুড়ীতে বাড়ি নির্মাণের জন্য টিলা কেটে সমান করা হচ্ছে। শুক্রবার উপজেলার জাঙ্গালিয়া গ্রামে
ছবি: প্রথম আলো

অভিযোগের বিষয়ে জানতে নিমার আলীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। তবে ঘটনার একটি ভিডিও প্রথম আলোর হাতে এসেছে। ভিডিওতে নিমার আলী স্থানীয় লোকজনের উপস্থিতিতে গণমাধ্যমকর্মীদের বলছেন, ‘কাইল (বৃহস্পতিবার) পুলিশ আইয়া ড্রাইভার (এক্সকাভেটরচালক) আর আরেকজনরে (চালকের সহকারী) অ্যারেস্ট করি নিছে। থানায় ডাকাইছে। অখন তোমরা আইছোনি লেখতায় (সংবাদ সংগ্রহ)। আমার ঘর আমি বানাইমু। এইখানে সাংবাদিকর কাম কিতা? এইখানে রুটি রুজির জায়গানি?’

সাগরনাল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সাহেদুর রহমান প্রথম আলোকে বলেন, জাঙ্গালিয়ায় টিলা কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের সঙ্গে টিলার মালিকের ধাক্কাধাক্কি হয়েছে বলে শুনেছেন। এর আগে গতকাল রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরে কী হয়েছে, জানেন না।

গতকাল রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন জুড়ী থানার সহকারী উপপরিদর্শক মো. মহিউদ্দিন ভূঁইয়া। তিনি মুঠোফোনে বলেন, টিলা কাটার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে একটি এক্সকাভেটর যন্ত্র দেখতে পান। পরে থানার ওসিকে বিষয়টি জানান। ওসি পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করেন। অভিযান না হওয়ায় তাঁরা থানায় ফিরে যান। সেখান থেকে কাউকে আটক করা হয়নি।

ইউএনও রঞ্জন চন্দ্র দে প্রথম আলোকে বলেন, গতকাল রাতে নিচু জমির মাটি কাটার একটি তথ্য পান পুলিশের কাছ থেকে। টিলা কাটার বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। পরিবেশ অধিদপ্তরকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হবে।