শহীদ মিনার কাপড়ে ঢেকে বেদিতে মঞ্চ, জুতা পায়ে পুরস্কার দিলেন সংসদ সদস্য
জামালপুর সদর উপজেলার বটতলা উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারের বেদিতে মঞ্চ বানিয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছে কর্তৃপক্ষ। সেখানে জুতা পায়ে উঠে পুরস্কার দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মো. মোজাফফর হোসেনসহ অতিথি ও শিক্ষকেরা। ভাষার মাসে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
জামালপুরের ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সদস্য জাহাঙ্গীর সেলিম প্রথম আলোকে বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ছাড়া অন্য কোনো অনুষ্ঠান করা যাবে না। জুতা নিয়ে শহীদ মিনারে হাঁটা ভাষাশহীদদের প্রতি অবমাননা ও আইন অমান্য করা। যাঁরা এ ধরনের আচরণ করবেন, তাঁদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত।
অনুষ্ঠানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ শনিবার বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে শহীদ মিনারের বেদিতে মঞ্চ বানানো হয়। সেখানে শহীদ মিনারের স্তম্ভগুলো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। শহীদ মিনারের বেদিতে অতিথিদের জন্য টেবিল ও চেয়ার স্থাপন করা হয়। বেলা একটার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মো. মোজাফফর হোসেনসহ অন্য অতিথিরা সবাই মঞ্চে উঠে চেয়ারে বসেন। তাঁদের সবার পায়ে জুতা ছিল। বেদিতে দাঁড়িয়ে থাকা অন্য লোকজনের পায়েও জুতা ছিল। বেলা সাড়ে তিনটার দিকে অনুষ্ঠান শেষ হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল জলিল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এ কে আজাদ, সদস্য মো. আবুল খায়ের, বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল আলীম, সহসভাপতি মো. মাহামুদুল হাসান, সহসভাপতি মো. শাহজাহান আলী, সহসভাপতি মো. সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক ও বটতলা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিকুল আলম।
জামালপুরের ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শহীদ মিনারে জুতা পায়ে দিয়ে ওঠা ঠিক নয়। আমরা এর প্রতিবাদ করি। যাঁরা সেখানে জুতা পায়ে উঠেছেন, তাঁরা এটাকে ঠিক মনে করতে পারেন। কিন্তু আমরা এটাকে ঠিক মনে করি না। এটা তাঁদের বিষয়। ভাষার মাস কেন, কোনো সময়ই শহীদ মিনারে জুতা পায়ে ওঠা ঠিক নয়।’
জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক ও বটতলা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিকুল আলম বলেন, ‘অনুষ্ঠানে আমি ছিলাম। স্কুল কর্তৃপক্ষ সেখানে অনুষ্ঠানের আয়োজন করেছে। আর সবাই তো সেখানে জুতা পায়ে দিয়ে উঠেছেন, তাই আমিও উঠেছি।’ এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন, ‘প্রতিবছরই সেখানে অনুষ্ঠান করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও করা হয়েছে।’ জুতা পায়ে শহীদ বেদিতে ওঠার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধান অতিথিরাই যদি ওঠেন, তাহলে আর কী! তারপরও আমি মনে করি, আমাদের এটা ভুল হয়েছে।’
সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সেটা যে শহীদ মিনার, আমি বুঝতেই পারিনি। আপনার মাধ্যমেই জানতে পারলাম, সেটা শহীদ মিয়ার। আমি ভেবেছি, সেটা একটা ভাঙা মঞ্চ। কেউ যদি আমাকে বলতেন, সেটা শহীদ মিনার, তাহলে আমি জুতা নিয়ে উঠতাম না। প্রয়োজনে আমি সেখান থেকে নেমে যেতাম।’