সেই রিকশাচালক হাসপাতাল থেকে বাড়িতে, অক্সিজেন পাচ্ছেন যন্ত্রের সাহায্যে
নাকে অক্সিজেন নল নিয়ে রিকশা চালানো মাইনুজ্জামান ওরফে সেন্টু গতকাল সোমবার হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। তিনি এখন কনসেনট্রেটর যন্ত্রের মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন নিতে পারছেন। আগের চেয়ে সুস্থ বোধ করছেন। তবে বিদ্যুৎ না থাকলে যন্ত্রটি কাজ করে না। সে জন্য হাতের কাছে একটি অক্সিজেন সিলিন্ডার রাখতে হচ্ছে।
মাইনুজ্জামান রাজশাহী নগরের কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন। গতকাল রাতে সেখানে গিয়ে দেখা যায়, বিছানায় বসে থেকে কনসেনট্রেটর যন্ত্রের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন টেনে নিচ্ছেন। এ জন্য কোনো খরচ হচ্ছে না। তবে এই যন্ত্র চালু রাখার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন। বিদ্যুৎ না থাকলে যন্ত্রটি অক্সিজেন সরবরাহ করতে পারে না। মাইনুজ্জামান বললেন, তিনি এখন আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সারাক্ষণ তাঁকে অক্সিজেনের নল নাকে রাখতেই হবে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় গত বৃহস্পতিবার মাইনুজ্জামানকে দেখতে যান রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ। তিনি বলে এসেছিলেন, মাইনুজ্জামানকে আর রিকশা চালাতে হবে না। বসে থেকে করতে পারেন এমন কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। গতকাল মাইনুজ্জামান প্রথম আলোকে বলেন, একটু নড়েচড়ে উঠে গিয়ে কিছু করতে হবে অথবা বেশি কথা বলতে হবে, এমন কোনো কাজ তিনি করতে পারবেন না। বেশি কথা বলতে গেলেই তিনি হাঁপিয়ে উঠছেন।
মাইনুজ্জামান পাঁচ বছর আগে একটি বেসরকারি সংস্থা থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়ে রিকশা কিনেছিলেন। দুই বছরের মাথায় নগরের ঘোষপাড়ার মোড় থেকে তাঁর রিকশাটি চুরি হয়ে যায়। আবার ৮০ হাজার টাকা ঋণ করে আরেকটি রিকশা কেনেন। সেই রিকশাই চালাতেন। এরই মাঝে ‘হার্নিয়া অপারেশন’–এর জন্য আরও ৫০ হাজার টাকা ঋণ করেছিলেন। সব মিলিয়ে এই ঋণের আর ২০ থেকে ২৫ হাজার টাকা অপরিশোধ্য রয়েছে। প্রতি সপ্তাহে দুই জায়গায় ১ হাজার ৩৫০ টাকা করে কিস্তি দিতে হয়। দিনে তিনটা করে অক্সিজেন সিলিন্ডার লাগে। ওষুধ আর অক্সিজেন মিলে তাঁর দিনে ৬০০ টাকা খরচ লাগে। গত দুই মাস থেকে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। অক্সিজেন ছাড়া চলতে পারছিলেন না। সবশেষ দুই দিন তিনি নাকে অক্সিজেনের নল নিয়েই রিকশা চালিয়েছেন। তারপর গত রোববার তিনি হাপসাতালে ভর্তি হয়েছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাপক হাসান তারিক ১৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি (ফুসফুসের একধরনের জটিল রোগ) ও যক্ষ্মার কারণে মাইনুজ্জামানের ফুসফুস দুর্বল হয়ে গেছে। হার্টেরও সমস্যা রয়েছে। এ জন্য ঠিকমতো অক্সিজেন টেনে নিতে পারছেন না তিনি। বাসায় বিদ্যুৎ থাকলে কনসেনট্রেটর মেশিনের মাধ্যমে তিনি বাতাস থেকে আপনা–আপনি অক্সিজেন টেনে নিতে পারবেন।
এই রিকশাচালকের ব্যাপারে প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশিত হওয়ার পর রাজশাহী জেলা প্রশাসকসহ সারা দেশ থেকে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর কনসেনট্রেটর যন্ত্রের জোগাড় হয়েছে। শারীরিকভাবে আগের চেয়ে সুস্থ হলে গতকাল দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।