মাদারীপুর পৌরসভা
মহাসড়ক ঘেঁষে বর্জ্যের স্তূপ
বড়মেহের এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ফেলা হচ্ছে বর্জ্য। এতে পাঁচ শতাধিক পরিবার প্রতিদিন প্রচণ্ড দুর্গন্ধ সহ্য করে বসবাস করছে।
দৈনিক প্রায় ৩৫ টন বর্জ্য ফেলার জন্য নিজস্ব কোনো ভাগাড় বা ডাম্পিং স্টেশন নেই মাদারীপুর পৌরসভার। এ কারণে দুই বছরের বেশি সময় ধরে পৌরসভার সব বর্জ্য মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকার ঢাকা-বরিশাল মহাসড়ক ঘেঁষে ফেলা হচ্ছে। এতে ওই এলাকার পাঁচ শতাধিক পরিবার প্রতিদিন প্রচণ্ড দুর্গন্ধ সহ্য করে বসবাস করছে। একই সঙ্গে পথচারী ও যানবাহনের যাত্রীদেরও দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে।
ঢাকা-বরিশাল মহাসড়কঘেঁষে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ গড়ে ওঠায় প্রায় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দুই বছরে এই এলাকায় চারজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে।
বড়মেহের এলাকার বাসিন্দা মো. জাহিদুল আলম বলেন, ‘লোকালয়ের মধ্যে ময়লা ফেলা বন্ধ করতে আমরা এক বছর আগে ডিসি স্যারের (জেলা প্রশাসক) কাছে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো লাভ হয় নাই। এলাকার লোকজন একবার পৌরসভার ময়লার গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়া দেয়। তবুও তারা এখানেই ময়লা ফেলে পুরো পরিবেশটা নষ্ট করে দিয়েছে।’
পৌরসভা সূত্রে জানা যায়, প্রতিদিন পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে প্রায় ৩৫ টন বর্জ্য তৈরি হয়। বিপুল পরিমাণ এই বর্জ্য ফেলার জন্য পৌরসভার নিজস্ব জমি না থাকায় ভাগাড় বা ডাম্পিং স্টেশন করা সম্ভব হয়নি। গত পাঁচ বছর আগে মাদারীপুর শহরে প্রবেশমুখ শেখ হাসিনা মহাসড়কের খাগদী বাসস্ট্যান্ড এলাকা ফেলা হতো পৌরসভার সব বর্জ্য। দুর্গন্ধ চারপাশ ছড়িয়ে পড়ায় স্থানীয় লোকজনের চাপের মুখে পড়েন পৌর মেয়র। বছর দুই পড়ে খাগদী এলাকায় ময়লা ফেলা বন্ধ করে পৌর এলাকার পাশে খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকায় একটি খোলা জায়গায় দুই বছরের জন্য দুই লাখ টাকায় ভাড়া নেয় পৌরসভা। কিন্তু দুই মাস ময়লা-আবর্জনা ফেলার পর সেখানেও ক্ষুব্ধ স্থানীয় লোকজন পৌর মেয়রকে বাধা দিলে চাপের মুখে ওই স্থানেও পৌরসভার বর্জ্য ফেলা বন্ধ হয়ে যায়। সর্বশেষ গত দুই বছর ধরে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় পৌর মেয়র খালিদ হোসেনের নিজস্ব তিন একর জমির কিছু অংশে ময়লা ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
মস্তফাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. হাবিব হাওলাদার বলেন, ‘মাঝেমধ্যেই ময়লার ভাগাড়ে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। তখন ব্যস্ততম রাস্তাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আর এ সময় দুর্ঘটনা বেশি ঘটে।’
বড়মেহের এলাকায় গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের ২৪ ফুট চওড়ার মধ্যে দেড় থেকে দুই ফুট চলে গেছে ময়লার দখলে। মহাসড়কের দুই শ মিটার অংশ নাকেমুখে হাত চেপে, নিশ্বাস বন্ধ করেও পথচারী চলছেন। ময়লার স্তূপের দক্ষিণ পাশে দুটি মসজিদ, পশ্চিমে বড় পুকুরপাড় মসজিদ ও উত্তরে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড নামে একটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে।
ময়লার স্তূপ থেকে ২০ মিটার দূরেই রাজমিস্ত্রি দেলোয়ার ব্যাপারী (৫৫) ও তাঁর স্ত্রী নূর নাহার বেগম (৪৫) বসবাস করেন। দুই বছরের বেশি সময় ধরে এই দুর্গন্ধ সহ্য করে আছেন দেলোয়ার ব্যাপারী। তিনি বলেন, ‘আমার জমিতে তিনজন ভাড়াটে ছিল। এখন একজনও নাই। দুর্গন্ধের যন্ত্রণায় সবাই চলে যায়। নিজের বাড়িঘর বিধায় আমরা অসহ্য যন্ত্রণা সইয়া এহানে টিহা আছি। রেহাই চাই আমরা।’
মস্তফাপুর এলাকার শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। পৌরসভার চিকিৎসা কর্মকর্তা হরষিত বিশ্বাস বলেন, খোলা স্থানে বর্জ্য ফেলার ফলে ওই এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্য ঝুঁকির প্রভাব পড়ছে। পরিবেশ দূষণ হচ্ছে। ওই এলাকায় মশা-মাছির উপদ্রব বাড়ছে। এসবের কারণে ব্যাকটেরিয়া ছড়িয়ে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। মস্তফাপুর এলাকা থেকে বর্জ্য ফেলা অতি শিগগির বন্ধ করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস বলেন, বর্জ্য ফেলার জন্য পৌরসভার নিজস্ব কোনো জমি নেই। পৌরসভার মধ্যে ও আশপাশে যেখানেই ময়লা ফেলা হয়, স্থানীয় লোকজনের তোপের মুখে পড়ে সরে আসতে হচ্ছে। তাহলে পৌরসভার ময়লা কোথায় ফেলা হবে? এ কারণ পৌর মেয়র তাঁর নিজের ক্রয় করা জমিতে বাধ্য হয়ে ময়লা ফেলছেন। যদিও সেটা ইউনিয়নের মধ্যে। সেখানের মানুষও দুর্গন্ধে দুর্ভোগের শিকার হচ্ছেন। তাঁরা প্রায়ই ময়লার গাড়িকে বাধা দেন।