ঢাকায় মহাসমাবেশে যাওয়া নোয়াখালী বিএনপি ও সহযোগী সংগঠনের ৩০ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক
প্রতীকী ছবি

ঢাকায় মহাসমাবেশে অংশ নিতে যাওয়া নোয়াখালী বিএনপি ও সহযোগী সংগঠনের কমপক্ষে ৩০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার দুপুর পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে দাবি করেছেন জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ওমর ফারুক। দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলোকে তিনি এ তথ্য জানান।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আটক নেতা-কর্মীদের মধ্যে কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন, নোয়াখালী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাহাত, সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মিলন, সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য মাহবুবুল হক, কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য ফারুক হোসেন, ইমাম উদ্দিন, জিরতলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের সহক্রীড়া–বিষয়ক সম্পাদক মোরশেদ আলম, জিরতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম অন্যতম।

জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ওমর ফারুক দাবি করেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দারের নেতৃত্বে ১০ হাজারের বেশি নেতা-কর্মী একটি মিছিল নয়াপল্টনের মহাসমাবেশে যোগ দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দের নেতৃত্বে আরও একাধিক মিছিল ভিন্ন এলাকা দিয়ে মহাসমাবেশে যোগ দিচ্ছে। তিনি জানান, নোয়াখালী থেকে তাঁরা যে পরিমাণ নেতা-কর্মী সমাবেশে অংশ নেবে বলে আশা করেছিলেন, তার চেয়ে অনেক বেশি নেতা-কর্মী সমাবেশে অংশ নিচ্ছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বেলা পৌনে দুইটায় প্রথম আলোকে বলেন, তিনি মহাসমাবেশস্থলে রয়েছেন। নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে অনেক দলীয় নেতা-কর্মী এরই মধ্যে সমাবেশে যোগ দিয়েছেন। আরও অনেকে সমাবেশস্থলের দিকে আসছেন। তবে এরই মধ্যে অনেক নেতা-কর্মী বিভিন্ন এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। পুলিশি হয়রানি নেতা-কর্মীদের দমাতে পারবে না উল্লেখ করে আবদুর রহমান বলেন, ‘আমরা আমাদের দাবি আদায় করে তবেই ঘরে ফিরব।’