দুপচাঁচিয়ায় কিশোর মালেককে হত্যা করেন তাঁর ভাইসহ তিনজন: পুলিশ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় কিশোর আবদুল মালেক সরদারকে (১৫) তাঁর ভাইসহ তিনজন শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার বিকেলে গ্রেপ্তার দুই আসামি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন।
জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডে অংশ নেন আবদুল মালেকের ভাইসহ তিনজন। চুরি-ছিনতাই ও মাদক সেবনে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে তাঁরা আবদুল মালেককে হত্যা করেন।
এর আগে নিখোঁজের ১১ ঘণ্টা পর শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দুপচাঁচিয়া পৌর এলাকার চেঙ্গা ছাতিয়াগাড়ি মহল্লার একটি ধানখেত থেকে মালেকের লাশ উদ্ধার করা হয়। সে ওই মহল্লার মৃত হাসমত আলী সরদারের ছেলে। মালেক দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড বাজারের একটি মুরগির দোকানের কর্মচারী ছিলেন।
এ ঘটনায় আবদুল মালেকের মা তারা বানু গতকাল দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় মালেকের বড় ভাই মো. তারেক (২২) এবং তাঁর বন্ধু আদমদীঘি উপজেলার মুরইল তালুকদারপাড়ার মাহবুব আলম (৩০) ও দুপাচাঁচিয়া উপজেলার চেঙ্গা গ্রামের মো. মোক্তারকে (২১) গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে মাহবুব আলম ও মো. মোক্তার শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বগুড়ার আদালত পরিদর্শক আশোক কুমার সিংহ প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে দুই আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন। আদালতের নির্দেশে তাঁদের পরে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আরেক আসামি তারেকের এখনো রিমান্ড শুনানি হয়নি।
এদিকে আবদুল মালেক হত্যাকাণ্ডের বিষয়ে শনিবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। এতে দুপচাঁচিয়া ও আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন আসামি আবদুল মালেককে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আসামিদের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার বলেন, দুপচাঁচিয়ার চেঙ্গা ছাতিয়াগাড়ী এলাকায় মাদক সেবন এবং চুরি-ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত ছিলেন গ্রেপ্তার তিনজন। আবদুল মালেক বিষয়টি জেনে যাওয়ার পর বড় ভাই তারেককে এসব কাজ থেকে বিরত থাকতে বলেন। তারেক ছোট ভাইয়ের কথায় পাত্তা না দিয়ে মাহবুব ও মোক্তারের প্ররোচনায় মাদক সেবন ও চুরি-ছিনতাই চালিয়ে যান। একপর্যায়ে মালেক পুলিশের কাছে সব অপকর্ম ফাঁস করে দেওয়ার হুমকি দিলে তারেক ছোট ভাইকে থাপ্পড় মারেন। এর জেরে কয়েক দিন আগে মালেক তাঁর বড় ভাইকেও মারধর করেন। তারেক বিষয়টি দুই বন্ধু মাহবুব ও মোক্তারকে জানান। এরপর তাঁরা তিনজন মিলে কিশোর মালেককে হত্যার পরিকল্পনা করেন।