৩ ঘণ্টার যে মাছ বাজারে বেচাকেনা লাখ লাখ টাকা
ভোরের আলো ফোটার পরপরই মাছের বাজারে আসতে থাকেন ক্রেতা ও বিক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমজমাট হয়ে ওঠে আড়ত। সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত চলে বেচাকেনা। এরপর সব নিস্তব্ধ হয়ে যায়। তিন ঘণ্টার এই বাজারে বেচাকেনা হয় লাখ লাখ টাকার মাছ। এই বাজারের অবস্থান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহনী বাজারে।
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে প্রায় ১৮ বছর আগে একটি দোকানের মাধ্যমে শুরু হয়েছিল এই ব্যবসা। দিন দিন এ বাজারে আড়তের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে ১৫টি আড়ত রয়েছে। এখানে কর্ণফুলী ও ইছামতী নদীর তাজা মাছ জেলেরা নিয়ে আসেন। এ ছাড়া কক্সবাজার, সাতক্ষীরা, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, মিরসরাই, পটিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আসে চিংড়ি ও সামুদ্রিক মাছসহ নানা মাছ। মাছ ব্যবসায়ীরা এসব মাছ পাইকারি দামে কিনে রাঙ্গুনিয়ার বিভিন্ন গ্রামের বাজার ও পাড়ায় বিক্রি করেন। এ ছাড়া প্রতিদিন এসব মাছ যায় রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গুনিয়ার পার্শ্ববর্তী উপজেলাগুলোতে।
সম্প্রতি আড়তদারদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৮ বছর আগে মাত্র একটি দোকানের মাধ্যমে ব্যবসাটা শুরু হয়েছিল। শুরুতে মাছের আড়তে তেমন লোকজন যেতেন না। তবে দিন দিন এখানে মাছের আড়ত জমতে শুরু করে। কয়েক বছরে এ বাজার জমে উঠেছে।
কয়েক ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, আড়তটি জমে ওঠায় স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়ছে। আড়ত থেকে পাইকারি দামে মাছ কিনে নারীরা বাড়ি বাড়ি ঘুরে খুচরায় বিক্রি করে থাকেন। এতে আর্থিক সচ্ছলতা এসেছে।
তবে আড়তদার, ক্রেতা ও বিক্রেতাদের অভিযোগ, বাজারে দিন দিন ক্রেতা-বিক্রেতা ও আড়তদার বাড়লেও এটি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি থাকে। এ ছাড়া বাজারের জায়গা বাড়েনি।
মো. ফয়েজ নামের একজন বলেন, তাঁর বাড়ি বাজারের কাছে। কয়েক বছর আগে তিনি মরিয়মনগর চৌমুহনী বাজারে মাছের আড়ত করেছেন। বর্তমানে তাঁর ব্যবসা ভালো। তবে অনেক বাকি পড়ে। বিভিন্ন বাজারে গিয়ে বাকির টাকা আদায় করতে হয়।
মাছের আড়তদার মো. কামাল হোসেন বলেন, প্রতিদিন ভোর থেকে তাঁর আড়তের সামনের রাস্তায় মানুষের ভিড় জমে। প্রতিদিন তিনি পুকুরের জ্যান্ত মাছ, দেশি ছোট মাছ ও সামুদ্রিক মাছ মিলিয়ে ১৫ থেকে ২০ লাখ টাকার মাছ বিক্রি করেন।
মো. আজাদ হোসেন নামের একজন ক্রেতা বলেন, সাত বছর ধরে তিনি এ আড়ত থেকে মাছ কিনে বিভিন্ন বাজারে বিক্রি করেন। এ বাজারে অন্যান্য বাজারের তুলনায় খরচ কম। তাতে ব্যবসা ভালো হয়।
রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়ন থেকে মাছ কিনতে এসেছেন মুবিনুল হক নামের এক ব্যক্তি। ইলিশ ও পুকুরের রুই, কাতলা মিলিয়ে সাত কেজি মাছ কিনেছেন তিনি। জানতে চাইলে তিনি বলেন, বাড়ির কাছে বাজার হওয়ায় মাছের প্রয়োজন হলে তিনি এই বাজারে মাছ কিনতে আসেন। তাজা মাছ আর দামে কম হওয়ায় এই বাজার ছাড়া আর কোথাও মাছ কিনতে যান না তিনি।
মরিয়মনগর চৌমুহনী ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও মাছের আড়তদার মো. নাজিম উদ্দিন বলেন, সড়কের পাশে বাজার হওয়ায় যানবাহনের আনাগোনা থাকলেও সড়কে মানুষের ব্যস্ততা শুরুর আগেই বাজার শেষ হয়ে যায়। তেমন একটা অসুবিধা হয় না।
উপজেলা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর বলেন, ‘প্রতিদিন যেহেতু এখানে বাজার বসে, আমরা চেষ্টা করছি যাতে মাছ বাজার মনিটর করা হয়। দপ্তরের জনবলের অভাবে অনেক সময় এটা হয়ে ওঠেনি। বাজারে ক্রেতা-বিক্রেতার সুবিধার জন্য একটা শেড হওয়ার কথা ছিল। বিষয়টি দেখছি।’