নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের লোকজনের বিরুদ্ধে পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ
নরসিংদীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের লোকজনের বিরুদ্ধে একটি ফলের আড়তে হামলা চালিয়ে নিরাপত্তাবেষ্টনী ভেঙে পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পাঁচদোনা এলাকার ‘আল্লাহর দান’ নামে একটি ফলের আড়তে চেয়ারম্যানের ২০-২৫ জন কর্মী-সমর্থক এ হামলা চালান।
হামলায় আহত ব্যক্তিরা হলেন নোবেল মাহমুদ (২৬), হৃদয় মিয়া (২২), আনিসুর রহমান (৩৫), ইয়াছিন মিয়া (২৫) ও ফেরদৌস মিয়া (২০)। তাঁদের মধ্যে নোবেল আড়তের পরিচালক, বাকিরা নানা দায়িত্বে থাকা কর্মী। তাঁদের পাঁচজনকেই ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ভাড়া নেওয়া সাড়ে সাত বিঘা জমিতে ফলের আড়তটি গড়ে তোলেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। এই আড়তে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতা-বিক্রেতারা পাইকারি ফল ও সবজি কেনাবেচা করেন। সম্প্রতি আড়তের প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে স্থানীয় একটি পক্ষ। ওই পক্ষের পাশে দাঁড়ান স্থানীয় ইউপি চেয়ারম্যান আজহার অমিত। এরই মধ্যে দুই দিন আগে আড়তমালিকেরা সামনের অংশে নিরাপত্তাবেষ্টনী দিলে ক্ষুব্ধ হন তাঁরা।
আড়তের পরিচালক আহত নোবেল মাহমুদের ভাষ্য, ‘আমাদের ভাড়া নেওয়া আড়তটির পেছনের তিন দিকে আগেই বাউন্ডারি করা ছিল। নিরাপত্তার স্বার্থে ১২ জুন সামনের অংশে বাউন্ডারি দিয়ে দিই আমরা। এতে ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যানের নির্দেশে তাঁর ২০-২৫ জন কর্মী-সমর্থক দুপুর ১২টার দিকে আড়তে এসে বড় বড় হাতুড়ি দিয়ে ওই নতুন বাউন্ডারি ভাঙতে শুরু করে। ওই সময় তাদের বাধা দিতে গেলে চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। আমার মাথায় চাপাতি দিয়ে কোপ দেওয়ায় হাসপাতালে আসার পর পাঁচটি সেলাই লেগেছে। উপর্যুপরি পিটিয়ে তিনজনের হাত ভেঙে দিয়েছে তারা। হামলাকারীদের মধ্যে রবিন, মেহেদী ও আশরাফুল নামের তিনজনকে চিনতে পেরেছি আমি। তারা সবাই চেয়ারম্যানের লোক। পরে আমি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল দিলে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু এরই মধ্যে হামলাকারীরা বাউন্ডারি ভেঙে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় আমাদের ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়।’
১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, ‘আহত ওই পাঁচজনকে আমরা জরুরি বিভাগে চিকিৎসা দিয়েছি। তাঁদের একজনের মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেহেরপাড়া ইউপির চেয়ারম্যান আজহার অমিত জানান, স্থানীয় জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় ওই ফলের আড়তের দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। এ সময় বাধা দিতে এসে কয়েকজন আহত হয়েছেন। পেশিশক্তি ব্যবহারের মাধ্যমে একটি পক্ষ ফলের আড়তটি নির্মাণ করেছিল। তাই আমার লোকজন সেখানে গিয়ে ওই দেয়াল ভেঙে দিয়েছে।’
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, ‘৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।