পতেঙ্গা সৈকতের ইজারাপ্রক্রিয়া বাতিল করতে সিডিএর প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পতেঙ্গা সমুদ্র সৈকত
ফাইল ছবি

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতের একাংশ ইজারা দেওয়ার পরিকল্পনা থেকে সিডিএকে (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) সরে আসার আহ্বান জানানো হয়েছে। এরপরও ইজারাদার নিয়োগের প্রক্রিয়া অব্যাহত থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি সুভাষ বড়ুয়া বলেন, সিডিএর নগর উন্নয়ন মহাপরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) পতেঙ্গা সমুদ্রসৈকতকে সবার জন্য উন্মুক্ত পরিসর হিসেবে সংরক্ষণের কথা বলা হয়েছে। কিন্তু সিডিএ পতেঙ্গা সমুদ্রসৈকতের একাংশ বাণিজ্যিক ভিত্তিতে ইজারা দিতে যাচ্ছে।

উন্নত নগরগুলোতে উন্মুক্ত পরিসর বৃদ্ধির জন্য রীতিমতো প্রতিযোগিতা চলছে উল্লেখ করে প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, যেকোনো উন্নত মানের নগরে সব শ্রেণির মানুষের অবকাশ ও বিনোদনের জন্য খেলার মাঠ, উদ্যান ও উন্মুক্ত পরিসরের নেটওয়ার্ক থাকে। চট্টগ্রাম নগরে তার সিকি ভাগও নেই। আবার যা–ও আছে, তাতে নানান উপায়ে সাধারণের প্রবেশাধিকার সীমিত বা বন্ধ করা হচ্ছে। বিস্তৃত সৈকত বা নদীতীর ব্যক্তিগত খাতে ইজারা দিয়ে প্রবেশমূল্যের বিনিময়ে কোথাও প্রবেশাধিকার হরণ করা হয়েছে, এমন তথ্য জানা নেই।

প্রকৌশলী সুভাষ বড়ুয়া বলেন, কোনো স্থাপনা বা এলাকার সংরক্ষণ ব্যয় সংস্থানের জন্য কেবল সেই স্থাপনা বা এলাকাকে বেসরকারি খাতে ইজারা দেওয়াই একমাত্র সমাধান নয়। বিষয়টি নীতিনির্ধারকদের বিবেচনায় আসতে হবে। যে শর্তেই ইজারা দেওয়া হোক না কেন, চূড়ান্ত বিচারে তা সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থের বিরুদ্ধে যায়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তিদের সহায়তা নিয়ে জনকল্যাণমুখী বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ারও পরামর্শ দেন তিনি।

পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, পতেঙ্গা সমুদ্রসৈকত প্রকৃতির দান। জনগণই এর মালিক। এখন বেসরকারি খাতে ইজারা দেওয়া হচ্ছে, যা জনগণের স্বার্থে করা হচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘনিষ্ঠজনদের স্বার্থে তা করা হচ্ছে।

প্রবীণ শিক্ষাবিদ মুহাম্মদ সিকান্দার খান বলেন, পতেঙ্গা সমুদ্রসৈকতের দেড় কিলোমিটার অংশ বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দিলে তা ঘিরে বিশেষ ব্যবস্থা থাকবে। সেখানে টিকিট ছাড়া মানুষ প্রবেশ করতে পারবে না। এতে অধিকার ক্ষুণ্ন হবে। সার্কিট হাউসের সামনের মাঠ এবং ফয়’স লেকও এভাবে চলে গেছে।

আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সহসভাপতি এ বি এম আবদুল বাসেত ও আহমেদ জিন্নুর চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহরিয়ার খালেদ ও তাসলিমা মুনা, সদস্য নাজিম উদ্দিন।

সিডিএ সূত্র জানায়, পতেঙ্গা সমুদ্রসৈকতের সাড়ে ছয় কিলোমিটারের মধ্যে দেড় কিলোমিটার অংশ বিশেষ জোন হিসেবে পরিচালনা করার জন্য একজন অপারেটরকে দায়িত্ব দেওয়া হবে। সেখানে রাইডসহ আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বাকি পাঁচ কিলোমিটার অংশ রক্ষণাবেক্ষণ করা হবে। পাঁচ কিলোমিটার অংশ উন্মুক্ত থাকবে।

সিডিএর এমন উদ্যোগের বিরোধিতা করে শুরু থেকে তার প্রতিবাদ জানিয়ে আসছে চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং নাগরিক সমাজ। কিন্তু সিডিএ ইজারাদার নিয়োগে অনড় রয়েছে।