কুড়িগ্রামে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবক আটক

বাংলাদেশ–ভারত সীমান্তফাইল ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেন স্থানীয় লোকজন। গতকাল রোববার রাতে তাঁদের ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকা থেকে আটক করা হয়। পরে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়।

আটক দুজন হলেন নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আবদুল গফুরের ছেলে সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারসংলগ্ন এলাকা দিয়ে তাঁরা ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের আটক করে বিএসএফের কাছে সোপর্দ করেন। পরে বিএসএফ থেকে বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) দুই বাংলাদেশিকে আটকের বিষয়টি জানানো হয়। আজ সোমবার বেলা দুইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা বিএসএফের কাছে আটক রয়েছেন।

কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, দুই বাংলাদেশি আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁদের দেশে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।