গ্যাসের আগুনে নিভে গেল পুরো পরিবার, বাবা–মায়ের পর মেয়েরও মৃত্যু
গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুন কেড়ে নিল পুরো পরিবারকে। আগুনে দগ্ধ ব্যক্তিদের মধ্যে প্রথমে মারা যান বাবা-মা। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ শুক্রবার সকালে মারা গেল তাঁদের ১৬ বছরের মেয়ে তানিশা আক্তার। একই পরিবারের তিনজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
আজ শুক্রবার সকাল আটটার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তানিশার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর টঙ্গী পশ্চিম থানা পুলিশকে অবহিত করেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
পুলিশ জানায়, গত বুধবার সকাল সাতটার দিকে টঙ্গীর মুদাফা এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। গ্যাসের আগুনে দগ্ধ হয়ে মো. লাল চান (৬০), তাঁর স্ত্রী নাসিমা বেগম (৫০) ও মেয়ে তানিশা আক্তার (১৬) দগ্ধ হয়। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত আটটার দিকে লাল চান ও নাসিমা বেগমের মৃত্যু হয়। তাঁদের দুজনের মৃত্যুর এক দিন পর গতকাল শুক্রবার সকালে তাঁদের মেয়ে তানিশাও মারা যায়। এ ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হলো।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বরাতে জানা যায়, আগুনে লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিসার ৮৬ শতাংশ এবং নাসিমার ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।