শিবগঞ্জে ওয়েল্ডিং মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সাইদুল ইসলাম (২৫) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে থানা-পুলিশ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই কেকারপাড়া-সংলগ্ন মোলামগাড়ী মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে।
সাইদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই কেকারপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে। পুলিশ ও স্বজনেরা জানিয়েছেন, শুক্রবার সকালে সাইদুল গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট এলাকায় কাজে যান। কাজ শেষে রাতে সাইদুল বাড়িতে না ফিরলে পরিবারের পক্ষ থেকে খোঁজখবর করা হয়। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
সাইদুলের স্ত্রী শাকিলা বেগম বলেন, শনিবার সকালের দিকে স্থানীয় লোকজন সাইদুলের লাশ কেকারপাড়া কাঁচা রাস্তার পাশে মোলামগাড়ি মাঠে পড়ে থাকতে দেখে তাঁদের খবর দেন। পরে থানায় ফোন দেওয়া হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, সাইদুলের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন মিলেছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এখনো থানায় মামলা হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সাইদুলের সঙ্গে মিশতেন, এমন দু-একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।