নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে চাষাঢ়ায় সরকারি মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওই তরুণের মৃত্যু হয়েছে।

নিহত তরুণের নাম জয়নুর রহমান (২৪)। তিনি কুষ্টিয়ার চর প্রাগপুর গ্রামের লাল্টু মিয়ার ছেলে। তবে জয়নুর ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফেইম অ্যাপারেলস লিমিটেডে জুনিয়র কিউসি পদে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, আজ সকালে সরকারি মহিলা কলেজের সামনে রেললাইনের পাশের সড়কে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক বোরহান মিয়া বলেন, ধারণা করা হচ্ছে যে আজ ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওই তরুণের মৃত্যু হতে পারে। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের পাশে কয়েকটি সিসিটিভি ক্যামেরা আছে। সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহত তরুণের পরিবারকে খবর দেওয়া হয়েছে।