শোবার ঘরে ঝুলছিল স্বামীর লাশ, স্ত্রীর রক্তাক্ত লাশ পড়েছিল রান্নাঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধারের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার কাজ করছে। আজ শুক্রবার সকালে দিনাজপুর পৌর শহরের লিলির মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

দিনাজপুর পৌর শহরের লিলির মোড় এলাকার একই বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ওই বাড়ির শোবার ঘরে স্বামীর লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। অন্যদিকে রান্নাঘর থেকে রক্তাক্ত অবস্থায় স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। আজ শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে।

নিহত দুজন হলেন—দিনাজপুর সদর উপজেলার পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে মজিবর রহমান (৬৫) ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৪৫)। ১৫ বছরের বেশি সময় ধরে নিহত দম্পতি ওই বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ওই দম্পতির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ওই বাড়ির মালিক আইনজীবী নীলুফার রহমান। তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন। বাড়ির মালিকের বরাত দিয়ে কোতোয়ালি থানার পুলিশ জানায়, ওই বাড়ির পাশেই লুৎফুন্নেছা টাওয়ার নামে একটি বিপণিবিতান আছে। এই বিপণিবিতানের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলামসহ মজিবর ও তাঁর স্ত্রীকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন নীলুফার রহমান। গতকাল দিবাগত রাত ১২টার দিকে নীলুফার একাধিকবার মজিবরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। মজিবরকে না পেয়ে তিনি শফিকুলকে কল দিয়ে মজিবরের খোঁজ নিতে বলেন।

পরে শফিকুল ওই বাড়িতে গিয়ে দেখেন, বাড়ির বাইরের সব বাতি নেভানো ও মূল ফটকের দরজা ভেতর থেকে আটকানো। পরে দেয়াল টপকে তিনি ভেতরে প্রবেশ করে দেখতে পান ঘরের দরজাগুলো খোলা। বাড়ির ভেতরে ঢোকার পর শফিকুল শোবার ঘরে মজিবর রহমান ঝুলন্ত অবস্থায় এবং রান্নাঘরে মজিবরের স্ত্রী সুরাইয়াকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে নীলুফারকে মুঠোফোন বিষয়টি অবহিত করেন শফিকুল। খবর পেয়ে আজ সকালে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

গতকাল রাতে ওই বাড়ির মূল ফটকের দরজা ভেতর থেকে আটকানো ছিল
ছবি: প্রথম আলো

নিহত মজিবর রহমানের একমাত্র ছেলে সিরাজুল ইসলাম (৩৪) প্রথম আলোকে বলেন, তাঁর মা–বাবা দীর্ঘদিন ধরে ওই বাড়ি দেখাশোনার দায়িত্ব পালন করছেন। তবে তিনি পরিবার নিয়ে শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকায় থাকেন। মাঝেমধ্যেই তিনি মা-বাবার সঙ্গে দেখা করতে এই বাড়িতে আসতেন। সবশেষ এক সপ্তাহ আগে তিনি দেখা করে গেছেন।

দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম বলেন, ঘটনাস্থল থেকে মজিবর রহমানের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এ ছাড়া তাঁর স্ত্রীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভারী কোনো বস্তু দিয়ে ওই নারীর মাথা থেঁতলে দেওয়া হয়েছে। তবে শোবার ঘরের সবকিছুই গোছানো অবস্থায় পাওয়া গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার কাজ করছে। আলামত সংগ্রহ শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।