ঈদের দ্বিতীয় দিনে সাফারি পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের দ্বিতীয় দিন আজ রোববার গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দর্শনার্থীদের ভিড়
ছবি: প্রথম আলো

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

আজ রোববার দুপুর ১২টায় সাফারি পার্কের প্রধান ফটকে দেখা যায়, হাজার হাজার দর্শনার্থী টিকিটের অপেক্ষায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। পার্কের প্রবেশ ফটকের বাইরে খালি জায়গায় বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

ফটকের কাছে ব্যক্তিগত ও ভাড়ায় চালিত গাড়ি পার্ক করে রাখা। ফটকের বাইরে ঘোড়ার গাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্থায়ী বিনোদনের ব্যবস্থা রয়েছে। আছে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের দোকান। প্রধান ফটক পেরিয়ে পার্ক অফিসের পশ্চিম পাশে আফ্রিকান বিভিন্ন ধরনের প্রাণী দেখার জন্য কোর সাফারির অবস্থান। সেখানেও লম্বা লাইনে দাঁড়িয়ে দর্শনার্থীরা টিকিট কাটছেন। কোর সাফারির প্রবেশ ফটকে বিশেষ ধরনের ৮টি মিনিবাস দাঁড়ানো। কিছুক্ষণ পরপর দর্শনার্থীদের নিয়ে প্রাণীদের বেষ্টনীর ভেতর ঘুরে আসছে মিনিবাসগুলো। মিনি বাসে চড়ে দেখা যায়, বাঘ, সিংহ, ভালুক, জেব্রা, জিরাফসহ বিভিন্ন প্রাণী।

কোর সাফারির পশ্চিমে সাফারি কিংডমের প্রবেশপথ। সেখানে আলাদা আলাদা টিকিট কেটে দর্শনার্থীরা দেখছেন ম্যাকাও, টিয়া, ঘুঘুসহ বিভিন্ন বিদেশি পাখি। কেউ কেউ আবার ম্যাকাও পাখির সঙ্গে সেলফি নিচ্ছেন। মাঝেমধ্যে কয়েকটি ম্যাকাও পাখি উড়ে এসে দর্শনার্থীর গায়ে বসছে। এতে উচ্ছ্বসিত দর্শকেরা যে যাঁর মতো ছবি তুলে নিচ্ছেন।

বেলা দুইটার দিকে পার্কের ভেতরে দেখা যায়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পায়ে হাঁটা পথে ঘুরে ঘুরে দর্শনার্থীরা দেখছেন কুমির, জলহস্তী, মদন টাক, উটপাখি, ইমু পাখি, বিভিন্ন ধরনের সাপ, ইগল, ভুবন চিল ও রঙিন মাছ।

শিশু দর্শনার্থীর জন্য সাফারি পার্কের একটি অংশে তৈরি করা হয়েছে শিশুপার্ক। সেখানেও টিকিট কাটতে লম্বা লাইনে দাঁড়াতে হয়। তবে লাইনে দাঁড়ানোর ঝক্কিঝামেলা শেষে শিশুপার্কে প্রবেশ করেই বিনোদন নিতে পারছে তারা।

সাফারি পার্কের ভেতর পাখিশালায় বিভিন্ন বয়সী দর্শনার্থীরা। আজ রোববার দুপুরে শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে
ছবি: প্রথম আলো

গাজীপুরের টঙ্গী থেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন ইসমাইল হোসেন। তিনি বলেন, ঈদের ছুটিতে সাফারি পার্কে ঘুরতে আসা তাঁদের পূর্বপরিকল্পিত। সে অনুযায়ী সকাল ১০টায় পার্কে প্রবেশ করেছেন। টিকিট কাটতে বেগ পেতে হলেও প্রাণী ও পশুপাখি দেখে খুশি তাঁরা।

কাপাসিয়ার দস্যুনারায়ণপুর থেকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাঘ দেখতে এসেছেন আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘বাঘ দেখতে পেয়েছি। তবে অনেক দূর থেকে দেখতে হয়েছে। আরও কাছে দেখতে পেলে ছবি তুলতে সুবিধা হতো।’

মৌসুমী আক্তার ঈদের ছুটিতে তাঁর মা ও ভাইকে সঙ্গে করে সাফারি পার্কের প্রাণী বৈচিত্র্য উপভোগ করতে এসেছেন। তাঁর বক্তব্য, ‘এত লোক হবে তা বুঝতে পারেনি। লোকে লোকারণ্য হয়ে গেছে। পার্কে প্রবেশ করতে লাইনে দাঁড়াতে হয়েছে দেড় ঘণ্টার বেশি। কোর সাফারির বাসে উঠতে অন্তত আধা ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। তবে এত সব ঝামেলার পর বাঘ ও সিংহ দেখতে পেয়েছি।’

বেসরকারি ব্যাংক কর্মকর্তা মেজবাহুল আলম এসেছেন উত্তরা থেকে। তিনি বলেন, ঢাকার কাছে মোটামুটি প্রাকৃতিক পরিবেশে এর চেয়ে ভালো কোনো ব্যবস্থা আর কোথাও নেই। ফলে ভিড় অনেক বেশি। কোর সাফারির লাইনে দাঁড়িয়ে টিকিট পেতে সময় লাগছিল। তাই তাঁরা হেঁটে হেঁটে বিভিন্ন ধরনের পশুপাখি দেখেছেন।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সকাল ৯টা থেকে শুরু করে পার্ক খোলা থাকে বিকেল ৫টা পর্যন্ত। ঈদের দ্বিতীয় দিনে বিকেল ৪টা নাগাদ অন্তত ১৬ হাজার দর্শনার্থী পার্কে প্রবেশ করেছেন বলে আমাদের ধারণা। যথাযথ নিয়ম মেনে ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে পশুপাখি দেখানো হচ্ছে। ঈদের ছুটিতে প্রতিদিনই দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে।’

উল্লেখ্য, শ্রীপুরের ইন্দ্রপুর গ্রামে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এতে টিকিটের মূল্য ৫০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে নেওয়া হয় ১০ টাকা। ভেতরে প্রবেশের পর বিভিন্ন প্রাণীর জন্য সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে আলাদাভাবে নির্ধারিত দামে টিকিট ক্রয় করতে হবে। পার্কটির প্রধান আকর্ষণ হলো আফ্রিকান কোর সাফারি। এটি একটি বিশেষায়িত প্রাণীর বাসস্থান, যেখানে কেবল আফ্রিকা থেকে আনা বাঘ, সিংহ, হরিণ, জিরাফ, বন গরু, জেব্রাসহ আরও অনেক প্রাণী রয়েছে। পার্কের নিজস্ব ব্যবস্থাপনায় ৮টি পর্যটক বাসে করে কোর সাফারি দেখার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে পর্যটক বাসের টিকিট ফি ১৫০ টাকা। পার্কে রয়েছে ‘৯ ডি’ থিয়েটার। এখানে ভার্চ্যুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রাণ ও প্রকৃতি সম্পর্কে তথ্যচিত্র দেখানো হয়। কুমির প্রজননকেন্দ্র, প্রজাপতি পার্ক, প্রাণী জাদুঘর, ওয়াটার ডিসকভারি, ওয়াচ টাওয়ার, ম্যাকাও, ময়ূর, কবুতর, ওয়াটার বোটসহ বিভিন্ন ইভেন্ট রয়েছে পার্কজুড়ে। শিশুদের জন্য রয়েছে আধুনিক থিম পার্ক।