বাগমারায় ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তরুণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই-ভবানীগঞ্জ সড়কের শিকদারীর সালেহা ইমারত ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মিলন হোসেন (২২)। তিনি উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামের বাহাদুর হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে মিলন মোটরসাইকেল চালিয়ে সাঁকোয়া থেকে ভবানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে তিনি আত্রাই-ভবানীগঞ্জ সড়কের শিকদারীর সালেহা ইমারত ডিগ্রি কলেজে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আত্রাইগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে লোকজন ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা মিলনকে উদ্ধার করলেও কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

বাগমারা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার মেহেদি হাসান বলেন, ঘটনাস্থলেই ওই তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরসাইকেল ও ট্রাক উভয় বাহনই দ্রুতগতিতে চলছিল। দুর্ঘটনার পরই ট্রাকটি থামিয়ে এর চালক পালিয়ে গেছেন। তবে চালকের সহকারীকে স্থানীয় লোকজন আটক করেছেন।

থানার উপপরিদর্শক (এসআই) এখলাচ উদ্দিন বলেন, পুলিশ দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।