ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে এই ট্রাকের চাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে মহাসড়কের বাথুলি এলাকায়
ছবি: প্রথম আলো

ঢাকার ধামরাই উপজেলায় ট্রাকচাপায় চঞ্চল মোল্লা (৩৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চঞ্চল মোল্লা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চর নারান্দিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে ট্রাকটি সাভার থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌঁছালে ট্রাকটি সামনে থাকা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নিহত হন।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, একটি ট্রাকের চাপায় ওই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে ও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পকেটে পাওয়া পরিচয়পত্র থেকে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।