মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল, সঙ্গে আবেগঘন চিরকুট
নীলফামারীর সৈয়দপুর শহরের সাহেবপাড়া (হানিফ মোড়) এলাকার মসজিদে আলী (রা.)-এর দানবাক্স খুলে এক জোড়া সোনার দুল পাওয়া গেছে। সঙ্গে ছিল নগদ ৭ হাজার টাকা ও একটি হৃদয়স্পর্শী চিরকুট। চিরকুটে লেখা ছিল, ‘আমার আম্মু অসুস্থ আছে, আপনারা দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়।’
বুধবার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাজাদা আলম বলেন, প্রতি দুই মাস পরপর শুক্রবার রাতে কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। মসজিদ কমিটির সদস্যরা নিয়মানুযায়ী দানবাক্স খোলার সময় বিশেষ দানটি পান। এবার দানবাক্সে একটি রঙিন কাগজে মোড়ানো অবস্থায় সোনার কানের দুল ও চিরকুটটি পাওয়া যায়।
শাহাজাদা আলম আরও বলেন, ‘চিরকুটের লেখাটি পড়ে আমরা আবেগাপ্লুত হয়ে পড়ি। এটি শুধু একটি দান নয়; বরং এক সন্তানের মায়ের প্রতি ভালোবাসা ও অসহায়ত্বের প্রকাশ। আমরা স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর মাধ্যমে দুলটির মূল্য যাচাই করে জানতে পারি, এর বর্তমান বাজার মূল্য প্রায় ১৪ হাজার টাকা।’
মসজিদের ইমাম হাফেজ আখতার বলেন, ‘এই দান আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে। আমরা শুধু দানের মূল্য দেখি না, এর পেছনের নিয়তটাই বড়। যিনি দান করেছেন, আল্লাহ যেন তাঁর মায়ের সুস্থতা দান করেন। আমরা সবাই তাঁর জন্য আন্তরিকভাবে দোয়া করি।’
মসজিদ কমিটির সভাপতি ওসমান গনীসহ কমিটির সদস্যরা জানান, মসজিদের চলমান উন্নয়নকাজে এই দান গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তার চেয়েও বড় বিষয় হলো এই ঘটনা সমাজে মানবিকতা, সহমর্মিতা ও দানের প্রকৃত সৌন্দর্যকে নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে। বর্তমানে নবনির্মিত মসজিদের অজুখানার ছাদ ঢালাই জরুরি হয়ে পড়েছে। কমিটির পক্ষ থেকে মসজিদে অনুদান দেওয়ার অনুরোধ করা হয়েছে।