ফরিদপুরে বিএনপির ১৮ নেতা–কর্মী গ্রেপ্তার
শুক্রবার রাজধানীতে অনুষ্ঠেয় বিএনপির মহাসমাবেশ সামনে রেখে ফরিদপুরে বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড় শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় পুলিশ বিএনপি নেতাদের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে।
জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া অভিযোগ করে বলেছেন, মহাসমাবেশ সামনে রেখে জেলা বিএনপির উল্লেখযোগ্য সংখ্যক নেতা–কর্মী আগে থেকেই ঢাকায় অবস্থান করছেন। এরপরও পুলিশ বুধবার বিকেল ও বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে নেতা–কর্মীদের গ্রেপ্তার করেছে। এমনকি নেতাকে না পেয়ে তাঁর ভাইকেও গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে। পুলিশ অভিযানকালে নারীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে সালথা উপজেলা বিএনপির সহসাংগঠনিক আসাদ মাতুব্বর, সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল নিলয়, নগরকান্দা সরকারি কলেজের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কর্মী মীর করিম, হালিম মোল্লা, সদরের কৈজুরি ইউনিয়নের বিএনপি কর্মী ইউসুফ খানকে। এ ছাড়া কৈজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজিমউদ্দিনকে না পেয়ে গ্রেপ্তার করা হয়েছে তাঁর ভাই শহরের চকবাজার এলাকার ব্যবসায়ী অরাজনৈতিক ব্যক্তি আবুল খায়েরকে।
এর আগে বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন সদরপুর বিএনপির সাবেক প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বর, সদরপুর উপজেলা যুবদল নেতা মোতালেব, বোয়ালমারী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া, মো. সুমন এবং উপজেলা ছাত্রদল কর্মী পাপ্পু। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে মধুখালীর মেগচামী ইউনিয়ন বিএনপি কর্মী শফিকুল ইসলাম ও মোহাম্মদ রফিকুল ইসলাম, মধুখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি মোহাম্মদ রিমন আহমেদ, চরভদ্রাসন উপজেলা বিএনপির কর্মী শেখ ছালাম ও মো. আক্তারুজ্জামান।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বিএনপির কোনো নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়নি। যাঁদের বিরুদ্ধে পুরোনো মামলা রয়েছে এবং যাঁরা নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারেন, তাঁদের ধরা হয়েছে। নেতাকে না পেয়ে ভাইকে গ্রেপ্তার করা প্রসঙ্গে এম এ জলিল বলেন, যাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর আচরণ সন্দেহজনক হতে পারে। তবে অভিযানকালে নারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন ওসি এম এ জলিল।