জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে হঠাৎ উদ্বেগ কেন
বঙ্গোপসাগরের বুকে জোয়ারের পানিতে ডুবে যায় পাথুরে দ্বীপটি। ভাটার সময় আবার জেগে ওঠে। সেন্ট মার্টিনের পশ্চিম সৈকতের এই দ্বীপটির স্থানীয় নাম ‘দারুচিনি দ্বীপ’। কয়েক দিন ধরে পর্যটকদের নতুন আকর্ষণ হয়ে উঠেছে এটি। প্রতিদিন ৩০টির বেশি স্পিডবোটে ৫০০ থেকে ৬০০ পর্যটক সেখানে যাতায়াত করছেন। অথচ দ্বীপটিতে যাত্রী পারাপারে সব ধরনের নৌযানের চলাচল নিষিদ্ধ। স্পিডবোটগুলোতে নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, এমনকি লাইফ জ্যাকেটও। ফলে পর্যটকদের জীবনের ঝুঁকির পাশাপাশি দ্বীপটির জীববৈচিত্র্য নিয়েও উদ্বেগ বাড়ছে।
পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের তথ্য অনুযায়ী, গত তিন দিনে অন্তত দুই হাজার পর্যটক ঝুঁকি নিয়ে দারুচিনি দ্বীপে গেছেন। তাঁদের অনেকে ফেরার সময় প্রবাল, শামুক-ঝিনুক ও কড়ই সংগ্রহ করে নিয়ে আসছেন। এতে দ্বীপটির সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পাথুরে এই দ্বীপটি জোয়ারের সময় সাগরের পানিতে ডুবে থাকে। ভাটার সময় পানির ওপর ভেসে ওঠে। তখনই স্পিডবোটে চড়ে পর্যটকেরা সেখানে যান। স্থানীয় লোকজন জানান, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’ মুক্তির পর এই দ্বীপের নামও হয়ে যায় ‘দারুচিনি দ্বীপ’।
সেন্ট মার্টিনের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ছেঁড়াদ্বীপে পর্যটকদের যাতায়াত বন্ধ করতে কড়াকড়ি আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর ও কোস্টগার্ড। ফলে পর্যটকদের নতুন গন্তব্য হয়ে উঠেছে দারুচিনি দ্বীপ। কিন্তু সেখানে পর্যটক পারাপারে কোনো অনুমোদন নেই। নেই উদ্ধারকাজের জন্য লাইফগার্ড বা ডুবুরি। পাথরের স্তূপে ঘেরা দ্বীপটিতে পর্যটকদের অবাধ যাতায়াতের কারণে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।
ছেঁড়াদ্বীপে কড়াকড়ি, দারুচিনি দ্বীপে যাতায়াত
সম্প্রতি সেন্ট মার্টিনের শেষ প্রান্তের দিয়ারমাথা সৈকতে গিয়ে দেখা যায়, ছেঁড়াদ্বীপে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করে পরিবেশ অধিদপ্তরের বিধিনিষেধ–সংবলিত সাইনবোর্ড টাঙানো হয়েছে। মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে ১০ থেকে ১২ জন পর্যটক সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছেঁড়াদ্বীপে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পরিবেশ অধিদপ্তরের কর্মীদের বাধায় তাঁরা যেতে পারেননি।
সেখানে পরিবেশ অধিদপ্তরের চারজন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। দলের সুপারভাইজার আবদুল আজিজ বলেন, ছেঁড়াদ্বীপ প্রতিবেশগত সংকটাপন্ন একটি বিচ্ছিন্ন দ্বীপ। সেখানে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ১ নভেম্বর দিয়ারমাথা সৈকতে লাল নিশানা টাঙিয়ে ও বাঁশের বেড়া দিয়ে পর্যটকদের চলাচল বন্ধ করা হয়েছে।
কড়াকড়ির কারণে এখন ছেঁড়াদ্বীপে কোনো পর্যটক যেতে পারছেন না। সেখানে দিন-রাত ২৪ ঘণ্টা পাহারা বসানো হয়েছে। বেসরকারি একটি সংস্থার ১০ জন এবং পরিবেশ অধিদপ্তরের ৪ জন কর্মী ছেঁড়াদ্বীপ ও আশপাশের এলাকা পাহারা দিচ্ছেন।
এদিকে পশ্চিম সৈকতে গিয়ে দেখা যায়, কয়েক শ পর্যটক দাঁড়িয়ে সাগর দেখছেন, ছবি তুলছেন। সেখান থেকে পশ্চিম বঙ্গোপসাগরে সাপের মতো আঁকাবাঁকা পাথুরে দারুচিনি দ্বীপ দেখা যায়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভাটার সময় দ্বীপটি জেগে উঠলে এর আয়তন প্রায় তিন একর মনে হয়। গাছপালাহীন দ্বীপটির চারপাশে স্বচ্ছ নীল জল। পানির নিচে পাথরজুড়ে প্রবাল, শৈবাল ও শামুক-ঝিনুক দেখা যায়। রঙিন মাছের চলাচলও পর্যটকদের আকর্ষণ করে।
দেখা গেছে, পশ্চিম সৈকতের হোটেল অবকাশ ও কোনারপাড়ার প্যারাবন এলাকা থেকে স্পিডবোটগুলো ছেড়ে যাচ্ছে। দুই ঘাটে ৩০টির বেশি স্পিডবোট রাখা।
নাম প্রকাশ না করার শর্তে একজন স্পিডবোটচালক বলেন, জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় মাথাপিছু ২০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। টেকনাফ থেকে এক লিটার জ্বালানি তেল সেন্ট মার্টিনে আনতে প্রায় ২০০ টাকা খরচ হয়।
সেন্ট মার্টিনের জেটিঘাট থেকে স্পিডবোটে যাত্রী পারাপার করলে কোস্টগার্ড বাধা দেয়। এ কারণে জেটিঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পশ্চিম সৈকতের হোটেল অবকাশ ও কোনারপাড়ার প্যারাবন থেকে পর্যটক পারাপার করা হচ্ছে।
আরেকজন স্পিডবোটচালক জানান, নির্জন এই সৈকতে পরিবেশ অধিদপ্তরের কর্মী ছাড়া পাহারার কেউ থাকেন না। কয়েক দিন ধরে দারুচিনি দ্বীপে পর্যটক পারাপার শুরু হলেও কেউ বাধা দেননি। আধা কিলোমিটার দূরের দ্বীপে যেতে স্পিডবোটের দুই মিনিট লাগে। একটি স্পিডবোট দিনে ২০ থেকে ৩০ বার যাত্রী আনা-নেওয়া করে। পর্যটকের সংখ্যাও বাড়ছে।
স্পিডবোট চলাচলের দুটি স্থান সেন্ট মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পড়েছে। এই ওয়ার্ডের ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজুর রহমান বলেন, ছেঁড়াদ্বীপে পর্যটকদের যাতায়াত বন্ধ হওয়ায় দারুচিনি দ্বীপে যাতায়াত বেড়েছে। প্রতিদিন ৩০টির বেশি স্পিডবোট চলাচল করছে। বিএনপির নামধারী কিছু লোকজন এসব স্পিডবোট পরিচালনা করছেন। প্রতিটি স্পিডবোট থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় হলেও কারা নিচ্ছেন, তা তিনি জানেন না।
অনুসন্ধানে জানা গেছে, প্রতি স্পিডবোট থেকে ১০০ টাকা করে নিচ্ছেন সেন্ট মার্টিন স্বেচ্ছাসেবক দলের ৮ নম্বর ওয়ার্ড শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মো. দেলোয়ার হোসেন ও একই ওয়ার্ডের কৃষক দলের আহ্বায়ক মো. আবছার।
অভিযোগের বিষয়ে দেলোয়ার হোসেন ও মো. আবছার বলেন, ছেঁড়াদ্বীপে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় এলাকার কিছু দরিদ্র মানুষ বেকার হয়ে পড়েছেন। তাঁদের জীবিকার কথা বিবেচনা করে পশ্চিম সৈকত থেকে স্পিডবোটে দারুচিনি দ্বীপে পর্যটক আনা-নেওয়া করা হচ্ছে। প্রতিটি স্পিডবোট থেকে নেওয়া ১০০ টাকা দিয়ে যাত্রী পারাপারের লাইন পরিচালনায় নিয়োজিত তিনজন লাইন্সম্যানের বেতন ও আনুষঙ্গিক খরচ মেটানো হয়। বিএনপির নামে কোনো চাঁদা নেওয়া হচ্ছে না।
সেন্ট মার্টিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, স্পিডবোটে দারুচিনি দ্বীপ ঘুরে আসার সময় পর্যটকদের প্রবাল, শামুক-ঝিনুক সংগ্রহ এবং প্লাস্টিকের বোতল ফেলতে নিষেধ করা হচ্ছে। স্পিডবোট থেকে নেওয়া ১০০ টাকা দলের কোনো কাজে আসে না। ওই টাকা দিয়ে তিনজন লাইন্সম্যানের বেতন দেওয়া হয়।
সেন্ট মার্টিন স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, দ্বীপের জেটিঘাট থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ২১টি স্পিডবোট যাত্রী পারাপার করে। এসব স্পিডবোটের ফিটনেস থাকলেও নৌপথে চলাচলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রোড পারমিট, ফিটনেস ছাড়পত্রসহ বৈধ অনুমোদন নেই। এখন পশ্চিম সৈকত দিয়ে দারুচিনি দ্বীপে পর্যটক পারাপারের জন্য ৩০টির বেশি স্পিডবোট আনা হয়েছে। এগুলোরও চলাচলের অনুমোদন নেই। এসব স্পিডবোট তাঁর সমিতির অন্তর্ভুক্তও নয়।
বিধিনিষেধ মানছেন না পর্যটকেরা
কক্সবাজার শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে প্রতিদিন চারটি পর্যটকবাহী জাহাজে দুই হাজারের বেশি পর্যটক সেন্ট মার্টিনে যাচ্ছেন। জাহাজ থেকে জেটিতে নামতেই পরিবেশ অধিদপ্তরের সতর্কতামূলক প্রচারণা শোনা যায়। মাইকে পর্যটকদের প্রবাল, শৈবাল, শামুক, ঝিনুক ও পাথর সংগ্রহ না করা, ছেঁড়াদ্বীপে না যাওয়া, সৈকতে প্লাস্টিক না ফেলা, কচ্ছপের ডিম পাড়ার পরিবেশ রক্ষায় রাতে সৈকতে আড্ডা না দেওয়া এবং কেয়াবনে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হচ্ছে।
কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। পর্যটকদের অনেকে জাহাজ থেকে নেমে ইজিবাইক ও টমটমে পশ্চিম, উত্তর ও পূর্ব সৈকতে ছুটছেন। কেউ কেউ স্পিডবোটে যাচ্ছেন দারুচিনি দ্বীপে।
পরিবেশ অধিদপ্তরের স্বেচ্ছাসেবকদের সুপারভাইজার আবদুল আজিজ বলেন, প্রতিদিন দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে আসেন। তাঁদের অর্ধেকের বেশি রাত যাপন করেন। দুই শতাধিক রিসোর্টে থাকা পর্যটকদের একটি অংশ সকালে ঘুম থেকে উঠে স্পিডবোটে দারুচিনি দ্বীপে যাচ্ছেন। এতে নির্জন দ্বীপটির জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের ১০ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। তাঁদের মধ্যে মাত্র দুজনকে দিয়ে দারুচিনি দ্বীপে পর্যটকদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে একজন পরিবেশকর্মী বলেন, গত তিন দিনে অন্তত দুই হাজার পর্যটক দারুচিনি দ্বীপে গেছেন। তাঁদের অনেকে ফেরার সময় শামুক, ঝিনুক নিয়ে আসছেন। কারও কারও হাতে প্রবালও দেখা যাচ্ছে। সম্প্রতি তিন পর্যটকের কাছ থেকে চারটি প্রবালখণ্ড এবং ৪০টির বেশি শামুক উদ্ধার করা হয়েছে।
আবদুল আজিজ বলেন, প্রতিদিন জাহাজে ওঠার জেটিঘাটে অন্তত ৩০ কেজি প্রবাল, শামুক, ঝিনুক ও কড়ই উদ্ধার করা হচ্ছে। গত ১০ দিনে কয়েক শ পর্যটকের কাছ থেকে অন্তত তিন মণ এসব সামুদ্রিক উপাদান উদ্ধার করা হয়েছে। পর্যটকেরা সৈকত ও পাথরের স্তূপ থেকে এসব সংগ্রহ করে পলিথিন ও ব্যাগে লুকিয়ে নিয়ে যাচ্ছেন। ম্যাজিস্ট্রেট না থাকায় তাঁদের জরিমানাও করা যাচ্ছে না।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, জীববৈচিত্র্য রক্ষায় সেন্ট মার্টিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট ও জনবল বাড়ানোর চেষ্টা চলছে। ছেঁড়াদ্বীপসহ সেন্ট মার্টিনের দিয়ারমাথা, জেটিঘাট, পশ্চিম, উত্তর ও পূর্ব সৈকতসহ বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তরের ৩৫টি বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এসব বিলবোর্ডে সরকারের ১২ দফা বিধিনিষেধ তুলে ধরা হয়েছে।
হোটেল-রিসোর্ট ও ব্যবসাপ্রতিষ্ঠানেও বিধিনিষেধ–সংবলিত প্রচারপত্র বিলি করা হচ্ছে। তবে এখন দারুচিনি দ্বীপে স্পিডবোটে পর্যটক যাতায়াতের বিষয়টি নজরে এসেছে। এসব স্পিডবোট কীভাবে চলছে, তা অনুসন্ধান করা হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেন্ট মার্টিনে প্রবাল, শৈবাল, কাছিম, শামুক, ঝিনুক, সামুদ্রিক মাছ, পাখি, কাঁকড়াসহ ১ হাজার ৭৬ প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে। দ্বীপের বিভিন্ন স্থানে চার শতাধিক ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করছে। এসব যানবাহনের চাকায় পিষ্ট হয়ে বালুচরের লাল কাঁকড়া, শামুক ও ঝিনুক মারা যাচ্ছে।
১৯৯৯ সালে দ্বীপটির জীববৈচিত্র্য, সামুদ্রিক প্রবাল ও কচ্ছপের প্রজননক্ষেত্র রক্ষায় পুরো সেন্ট মার্টিনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে সরকার। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, এ এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম নিষিদ্ধ। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে সেন্ট মার্টিনসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়।
আইন অনুযায়ী, সেন্ট মার্টিনে প্রবাল-পাথর সংগ্রহ, কেয়াবন ধ্বংস, গাছ ও ফল কাটা এবং পরিবেশদূষণকারী বর্জ্য ফেলা নিষিদ্ধ। আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।