সোনাইছড়া হ্রদ সবুজের কোলে জল-পাহাড়ের কাব্য
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঘন সবুজ পাহাড়। তার বুক চিরে সাদা শাড়ির মতো এলিয়ে পড়েছে ঝরনা। নিচে টলটলে জলের হ্রদ। নীল আকাশ যেন দিনভর মুখ দেখছে হ্রদের স্বচ্ছ জলে।
কোলাহলমুক্ত হ্রদ এলাকায় শোনা যায় পাখিদের অবিরাম কলকাকলী। চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের এ হ্রদ সোনাইছড়া হ্রদ নামে পরিচিত। স্বল্প পরিচিত হ্রদটি এখন হয়ে উঠেছে পর্যটকদের গন্তব্য।
পাহাড়ি ঢল ঠেকিয়ে শুকনা মৌসুমের পানি ধরে রাখার জন্য তৈরি করা হয় এ কৃত্রিম হ্রদ। বারমাসি পাহাড়ি ছড়ায় বাঁধ দিয়ে জমে থাকা পানি ব্যবহার হয় আশপাশের তিন গ্রামের ৮০ হেক্টর জমির কৃষিকাজে। ২০০৬ সালে স্থানীয় কৃষকেরা এ বাঁধ দেওয়ার কাজ শুরু করেন। পরে সোনাইছড়া পানি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৪ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে বাঁধ ও স্লুইসগেট তৈরি করে ১২ একর আয়তনের এ জলাশয় তৈরি করে। বর্ষায় বৃষ্টির আর শুকনো মৌসুমে ছড়ার পানিতে ভরা থাকে হ্রদটি।
আজ শনিবার সকালে সোনাইছড়া হ্রদে গিয়ে কথা হয় দুই পর্যটক আবু ইব্রাহীম ও খালিদ জামিলের সঙ্গে। ঢাকা থেকে আসা এ দুই বন্ধু একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা প্রথম আলোকে বলেন, পর্যটনকেন্দ্র হিসেবে সোনাইছড়া হ্রদের এখনো নামডাক ছড়ায়নি। কিন্তু ছোট এ হ্রদের সৌন্দর্য অতুলনীয়। পাহাড়, ঝরনা, ঘন সবুজ বন, হ্রদের স্বচ্ছ পানি, নানা জাতের পাখির উড়ে বেড়ানো—সব মিলে বেড়ানোর আদর্শ জায়গা এটি। এক কিলোমিটার হাঁটা রাস্তার কিছু পথ কাদাজল মাড়িয়ে এলেও হ্রদের চোখজুড়ানো দৃশ্য দেখে সে কষ্ট উড়ে গেছে।
সোনাইছড়া হ্রদে যেতে হলে বাসে এসে প্রথমে নামতে হবে মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার। সেখান থেকে রিকশা বা সিএনজিচালিত অটোরিকশায় যেতে হবে দেড় কিলোমিটার দূরে বড়তাকিয়া রেলস্টেশন। স্টেশন থেকে হাঁটা পথে এক কিলোমিটার সমতল গ্রামীণ পথ ও পাহাড়ি ছড়া পার হলেই চোখে পড়বে সোনাইছড়া হ্রদের মনোরম দৃশ্য।
সোনাইছড়া হ্রদটি দেখভালের দায়িত্বে আছেন সোনাইছড়া পানি ব্যবস্থাপনা সমিতি ও বারৈয়ারঢালা ন্যাশনাল পার্ক নির্বাহী কমিটির সভাপতি মো. সরোয়ার উদ্দিন। তিনি বলেন, সোনাইছড়া কৃত্রিম হ্রদ হলেও এর সৌন্দর্য অতুলনীয়। হ্রদটি পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করছে। এখানে পূর্ণ নিরাপত্তায় ক্যাম্প করে রাত্রিযাপনের ব্যবস্থাও রাখা হয়েছে। প্যাডেল নৌকায় ভ্রমণ করা যায় পুরো হ্রদ। যাতায়াতের রাস্তাটি সংস্কার করা হলে এটি হবে দেশের পর্যটনের আরেক ঠিকানা।