লক্ষ্মীপুরে আত্মগোপনে এসেও যেভাবে ধরা পড়েন ‘বোমারু মামুন’

নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’ছবি: পুলিশের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ নভেম্বর রাত নয়টা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট বাজারে ওয়ার্ড কার্যালয়ে বসে ছিলেন বিএনপি নেতা এবাদ উল্যা গাজী। একপর্যায়ে কার্যালয়ের পেছনের বাগানে গেলে তাঁর ওপর হামলা হয়। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় তাঁকে। চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাঁরা হামলাকারীদের একজনকে ধরে ফেলেন। এর আগে তিনি পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পিটুনির পর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক ওই ব্যক্তি নিজের নাম বলেন সাইফুল ইসলাম সুজন, বাড়ি ভোলায়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, তাঁর প্রকৃত নাম নাজমুল হাসান মামুন। তিনি উগ্রবাদী সংগঠন নব্য জেএমবির সদস্য, পরিচিত ‘বোমারু মামুন’ নামে।

এবাদ উল্যা গাজী রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। হামলার পর হাসপাতালে চিকিৎসা নিলেও এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি। এবাদ উল্যা গাজীর দাবি, দলীয় প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যার জন্য বোমারু মামুনকে ভাড়া করেছিলেন। এক লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে হত্যার মিশনে পাঠানো হয়েছিল বলে পুলিশের কাছে দাবি করেছেন মামুনও। তবে এ দাবির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে বিস্ফোরক আইনের মামলায় বোমারু মামুনের আরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁকে বাসা ভাড়া দিয়ে সহযোগিতার অভিযোগে জাহেদ হোসেন জাবেদেরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ সোমবার আদালত এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে গত শনিবার মামুনকে কারাগারে পাঠানো হয়েছিল।

পুলিশ জানায়, নিজের পরিচয় গোপন করে রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের সিকদারকান্দি এলাকায় একটি আধা পাকা বাড়ি ভাড়া নিয়েছিলেন মামুন। ওই বাড়ির উঠানের মাটির নিচে গর্ত করে রাখা হয়েছিল ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। ১২ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে।

আরও পড়ুন

মামুনকে ৩ নভেম্বর স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে হস্তান্তরের পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ১৭ নভেম্বর পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাঁর প্রকৃত পরিচয় জানতে পারে। পুলিশের ভাষ্য, তিনি নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুন।

পুলিশের কাছে দেওয়া বক্তব্যে মামুন দাবি করেন, এক লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে ওই এলাকায় নেওয়া হয়েছিল। আসিফ নামের এক ব্যক্তি বিএনপি নেতা এবাদ উল্যা গাজীকে হত্যার উদ্দেশ্যে তাঁকে সেখানে নিয়ে যান। আসিফের সঙ্গে ঢাকার ফুটপাতে টুপি বিক্রির ব্যবসা করতেন বলেও দাবি করেন তিনি।

একাধিক হাত ঘুরে বাড়িভাড়া

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তর চরবংশী ইউনিয়নের সিকদারকান্দি এলাকার দালাল বাড়ির সামনে একটি আধা পাকা বাড়ি ভাড়া নিয়েছিলেন মামুন। বাড়িটির মালিক মারা যাওয়ার পর তাঁর ভাই মহসিন সিকদার সেটির দেখাশোনা করতেন। পরে বাড়িটি জাকির হোসেন নামের এক ব্যক্তিকে ভাড়া দেওয়া হয়। জাকিরের বোন কিছুদিন সেখানে থাকার পর জাহেদ হোসেনকে বাড়িটি ভাড়া দেন। পরে জাহেদ বছরে ১৫ হাজার টাকায় দুই মাস আগে মামুনকে বাড়িটি ভাড়া দেন।

বাড়িটির দেখাশোনার দায়িত্বে থাকা মহসিন সিকদার বলেন, ‘বাড়িটি আমার ভাইয়ের। তিনি মারা যাওয়ার পর আমি দেখাশোনা করি। জাকির হোসেন নামের একজনকে বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। পরে তাঁর বোন কিছুদিন থাকার পর জাবেদ হোসেনকে ভাড়া দেন। জাবেদই পরে মামুনকে ভাড়া দেন। দুই মাস আগে বাড়িটি ভাড়া নিলেও মামুন এলাকার লোকজনের সঙ্গে খুব একটা মিশতেন না।’

বোমা উদ্ধারের ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলার তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ গোলাম হাক্কানী প্রথম আলোকে বলেন, ভাড়া করা ওই বাড়িতে মামুনের সঙ্গে আরও দুই নারী থাকতেন। ঘটনার পরপরই তাঁরা সেখান থেকে পালিয়ে যান। আধা পাকা বাড়িটির চারপাশ সুপারিগাছের পাতা দিয়ে এমনভাবে ঘেরা ছিল, যেন সীমানাপ্রাচীর তৈরি করা হয়েছে। ফলে বাইরে থেকে বাড়ির ভেতরের কার্যক্রম সহজে বোঝার সুযোগ ছিল না।

গোলাম হাক্কানী আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বাড়ির ভেতরে নিরিবিলি পরিবেশে তাঁরা বোমা তৈরি করতেন। বাড়িটিতে বেশ কিছু লোকের যাতায়াত ছিল।’

ওই দুই নারীর পরিচয়, তাঁরা কত দিন ধরে সেখানে থাকতেন, মামুনের সঙ্গে তাঁদের সম্পর্ক কী এবং বাড়িতে যাতায়াত করা ব্যক্তিরা কারা—এসব বিষয় তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন মামুন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তখন তাঁর বয়স ছিল ২১ বছর। রাজধানীর একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।

পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় মামুন এবং তাঁর সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এসব ঘটনার মধ্যে রয়েছে গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যান এক ব্যক্তি। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে বোমা উদ্ধার করা হয়।