গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা
গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারীর সন্দেহে পিটুনিতে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। আজ বেলা ১১টার দিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব।
শরীফ আল রাজীব মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ ভোরে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে মোজাহিদপুর এলাকায় আসেন। তাঁরা এক ব্যক্তির পথরাধ করে ছিনতাইয়ের চেষ্টা করেন। একপর্যায়ে ওই ব্যক্তি চিৎকার দেন। পরে আশপাশের লোকজন জড়ো হন। এ সময় সন্দেহভাজন ছিনতাইকারীদের একজন পালিয়ে যান। বাকি দুজনকে পিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুজনের মরদেহ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।