নারায়ণগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১১ বছর আগে সিএনজিচালিত অটোরিকশাচালক মামুন মিয়া হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের অন্য আরেকটি ধারায় আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের (প্রথম) বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা দেন।
রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শ্রীরামপুর দক্ষিণ পাড়া এলাকার হাফেজ মিয়ার ছেলে মো. গাফফার (২৩) ও সোনারগাঁয়ের উত্তর পাড়ার আবুল কাসেমের ছেলে মাসুদ রানা মাসুদ (২০)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত একজনকে মামলা থেকে খালাস দিয়েছেন। তিনি বন্দর উপজেলার সজীব মোল্লা।
মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জান প্রথম আলোকে জানান, ২০১২ সালের ৮ জুলাই বেলা সাড়ে তিনটার দিকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হন মামুন মিয়া। রাত নয়টার দিকে তাঁকে তিন যাত্রী নিয়ে হাতুড়াপাড়ার দিকে যেতে দেখেন মামুনের চাচাত ভাই একিন আলী। এর কিছুক্ষণ পর থেকে মামুনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরদিন একটি মুঠোফোন থেকে কল করে মামুনকে অপহরণের কথা জানিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে অপহরণকারীদের ধরতে পুলিশের সাহায্য নেয় মামুনের পরিবার।
মামলা থেকে আরও জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাঠানতুলী এলাকায় ১ লাখ ৩০ হাজার টাকা দিতে গেলে পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে। ওই সময় পালিয়ে যান অন্যরা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মামুনকে হত্যার কথা। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামুন মিয়ার মা সুফিয়া বেগম বাদী হয়ে একটি মামলা করেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুর রহিম প্রথম আলোকে বলেন, আসামিদের মধ্যে গাফফার ও মাসুদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপহরণকারীরা মামুনকে অপহরণের পর হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন। পুলিশ পুকুর থেকে মানবদেহের মাথার খুলি ও হাড় উদ্ধার করে। পরে ময়নাতদন্তে নিশ্চিত হয় সেগুলো মামুনের।
এ ঘটনায় করা মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম ২০১৪ সালের ৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৯ জনের সাক্ষ্য শেষে আদালত রায় ঘোষণা করেছেন। রায়ে গাফফার ও মাসুদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আসামিদের অপর একটি ধারায় ৭ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।