ভারতে রপ্তানির খবরে চাঁদপুরে ইলিশের দাম আরও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন থেকে চার দিনের ব্যবধানে ইলিশের কেজি ৩০০ থেকে ৪০০ টাকা বেড়েছে। শনিবার দুপুরে চাঁদপুরের বড় স্টেশন মাঝঘাটে
ছবি: প্রথম আলো

ভারতে ইলিশ রপ্তানির খবরে চাঁদপুরে ইলিশ মাছের দাম আরও বেড়ে গেছে। তিন থেকে চার দিনের ব্যবধানে ইলিশের কেজি ৩০০ থেকে ৪০০ টাকা বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

চাঁদপুরের ইলিশ ব্যবসায়ী বিপ্লব খান বলেন, তিন-চার দিন আগে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি ইলিশ বিক্রি হয়েছে। এখন সেই ইলিশ ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতে ইলিশ রপ্তানির খবরে ইলিশের দাম এমন বেড়ে গেছে। তা ছাড়া কয়েক দিন ধরে আবহাওয়ার কারণে নদীতে বা সাগরে ইলিশ পাওয়া যাচ্ছে না। ফলে ইলিশের সংকটে আছেন ব্যবসায়ীরাও।

শনিবার দুপুরে চাঁদপুরের বড় স্টেশন মাঝঘাট ঘুরে জানা যায়, ইলিশের মৌসুম প্রায় শেষের পথে। বাজারে ইলিশ কম। এবার ভরা মৌসুমে প্রতিদিন তিন থেকে চার হাজার মণ ইলিশ আসার কথা থাকলেও ২০০ থেকে ৩০০ মণের বেশি ইলিশ আসেনি। ভারতে ইলিশ রপ্তানির খবরে দাম আরও বেড়ে গেছে। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আকার ভেদে দাম ১০০ থেকে ২০০ টাকা ওঠানামা করছে।

বাজারের একাধিক ব্যবসায়ী জানান, এই মৌসুমের আর যে কদিন আছে, ইলিশের দাম আর কমবে না। কারণ, নদী বা সাগর কোথাও প্রত্যাশিত ইলিশ পাওয়া যাচ্ছে না।
স্থানীয় বাজারে ইলিশের যে পরিমাণ চাহিদা, সেটাই পূরণ করতে পারছেন না বলে জানিয়েছেন চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শবে বরাত। তিনি বলেন, ভারতে রপ্তানিযোগ্য ইলিশ কীভাবে জোগান দেবেন, সেটাই বুঝতে পাচ্ছেন না।

মাঝঘাটে ইলিশ কিনতে আসা স্কুলশিক্ষক গোফান হোসেন বলেন, ‘আমি তিন দিন আগেও ইলিশ মাছ কিনেছি প্রায় পাঁচ কেজি। তখন যে টাকা দিয়ে নিয়েছিলাম, এখন সেই মাছ প্রায় দ্বিগুণ দাম চাওয়ায় আর কিনতে পারলাম না। এভাবে দিনের পর দিন দাম বাড়লে মানুষ আর ইলিশ কিনে খেতে পারবে না।’

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারী মানিক জমাদার বলেন, ৫-৬ দিন আগে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। চাঁদপুর থেকে সরাসরি কেউ ভারতে ইলিশ রপ্তানি না করলেও ভায়া হয়ে ইলিশ রপ্তানি করা হচ্ছে। কিন্তু কয়েক দিন ধরে ইলিশ মাছ কম পাওয়ায়, ঠিকমতো রপ্তানি করতে পারছেন না।