সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বাংলাদেশ-ভারত সীমান্তফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ভারত সীমান্তের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সালেহ আহমেদ (৩০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার ডাকঘরের কারবালার টুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে সীমান্ত অতিক্রম করে সালেহ আহমেদ আরও দুজনসহ ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তাঁরা হলেন নাজিরগাঁও গ্রামের সুমন মিয়া (২৫) ও একই এলাকার মাসুম আহম্মদ (২০)। তাঁরা ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে চংকেট ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান নেন।

এ সময় সুপারিবাগানে অবস্থানকালে তাঁদের চোর সন্দেহে খাসিয়া সম্প্রদায়ের লোকজন কয়েকটি ছররা গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে তাঁর সঙ্গে থাকা অন্য দুজন সালেহকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।

সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সালেহ আহমেদসহ তিনজনই সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান বলেন, শুক্রবার দুপুরে ঘটনাটি জানতে পেরে পুলিশ বিষয়টি তদন্ত করছে। সালেহ আহমেদের বাড়িতে এক কর্মকর্তাকে পাঠানো হয়েছে।