হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ফাইল ছবি

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়–সংলগ্ন মহাবলিপুরের কামিনী রায় ছাত্রাবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম গৌর চন্দ্র। তিনি নীলফামারীর ডোমার উপজেলা জসিরবাড়ি সোনারায় গ্রামের ভুবন রায়ের ছেলে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন গৌর।

গৌরের ছোট ভাই নিতাই রায় (১৫) মুঠোফোনে প্রথম আলোকে জানায়, ৯ দিন আগে তার ভাই বাড়ি থেকে ক্যাম্পাসে এসেছিলেন। এবার আসার সময় বাড়িতে বলেছিলেন, ক্যাম্পাসের কয়েকজন তাঁকে বাজে ভাষায় গালিগালাজ করেন। তাঁর এসব ভালো লাগছে না। নিতাই জানায়, তারা দুই ভাই। তাদের বাবা কৃষক।

লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল চারটার দিকে গৌরের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তাঁরা। অনেকক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আশপাশের কক্ষের ছেলেদের ডাকেন। ইতিমধ্যে কক্ষের ভেন্টিলেশনে উঁকি দিয়ে শিক্ষার্থীরা একটি রশি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে খবর দিলে শিক্ষকেরা এসে কক্ষের দরজা ভেঙে গৌর চন্দ্রের ঝুলন্ত মরদেহ দেখেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ বলেন, বিকেল ৪টা ১০ মিনিটে মুঠোফোনে কয়েকজন শিক্ষার্থী জানান, ছাত্রাবাসের একটি কক্ষের দরজা ভেতর থেকে লাগানো। ভেতরে এক ছাত্রের ঝুলন্ত লাশ রয়েছে। পরে ছাত্র পরামর্শ বিভাগের পরিচালক ও কয়েকজন শিক্ষককে নিয়ে তিনি ঘটনাস্থলে যান। পুলিশকে বিষয়টি জানালে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বিষয়টি পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনও খতিয়ে দেখছে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন বলেন, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তাঁর সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রেমঘটিত বিষয়ে গৌর চন্দ্র কয়েক দিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা করা হবে। তবে নিহত ব্যক্তির পরিবার থেকে কোনো অভিযোগ পেলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।