চট্টগ্রামে মাছ ধরতে গিয়ে তরুণ নিখোঁজ, ১৭ ঘণ্টা পর লাশ উদ্ধার
চট্টগ্রামের সাতকানিয়ায় ১৭ ঘণ্টা পর জলাশয় থেকে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ আরাফাত (২১)। আজ রোববার সকালে উপজেলার ডেমশা ইউনিয়নের মরিচ্ছাপাড়া বিলে সৃষ্ট জলাশয় থেকে তাঁর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের লোকজন। গতকাল শনিবার বেলা তিনটার দিকে জলাশয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।
মোহাম্মদ আরাফাত ডেমশা ইউনিয়নের উত্তর ডেমশার মাইজপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে। আরাফাতের পরিবার জানায়, গতকাল বেলা তিনটার দিকে আরাফাতসহ দুজন মরিচ্ছাপাড়া বিলে সৃষ্ট জলাশয়ে হাতজাল নিয়ে মাছ ধরতে যান। এ সময় জলাশয়ের গভীর গর্তে পড়ে নিখোঁজ হন আরাফাত। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন বিকেল চারটা থেকে তাঁকে উদ্ধারের চেষ্টা চালান। আজ সকাল আটটার দিকে জলাশয় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্নায়েন প্রথম আলোকে বলেন, ইটভাটার জন্য মাটি তোলার কারণে বিলে এসব জলাশয়ের সৃষ্টি হয়েছে। ১৭ ঘণ্টা পর নিখোঁজ আরাফাতের লাশ জলাশয় থেকে উদ্ধার করে সাতকানিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদুল ইসলাম বলেন, উদ্ধার করা লাশটি এখন থানা হেফাজতে রাখা আছে। কোনো ধরনের অভিযোগ না থাকায় লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।