চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ৩ মে, একই দিনে শুরু ক্লাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরাছবি: জুয়েল শীল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ৩ মে শুরু হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন প্রোগ্রামও অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এ বছর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগেই সেমিস্টার পদ্ধতিতে পাঠক্রম শুরু হচ্ছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীরা সেমিস্টার পদ্ধতিতে পাঠদান কার্যক্রমে অংশ নেবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩ মে থেকে ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার বিশ্ববিদ্যালয়ে মোট ৪ হাজার ৩০৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৭৮৬টি সাধারণ আসন ও ৫১৯টি আসন কোটার জন্য বরাদ্দ ছিল। গত বছর ভর্তি পরীক্ষায় আসন ছিল ৪ হাজার ৬৮৪টি। এর মধ্যে ৪ হাজার ১১টি সাধারণ আসন ও বাকিগুলো কোটার জন্য বরাদ্দ ছিল।

চলতি বছরের ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ২ লাখ ৪৫ হাজার ৫৮৯ জন শিক্ষার্থী। এর মধ্যে আবেদন ফি জমা দেন ২ লাখ ৩৩ হাজার ৩২৬ জন শিক্ষার্থী। তাঁরাই মূলত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৫৪ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ বছর ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে একসঙ্গে ভর্তি পরীক্ষা হয়েছে।