সাদা-বাদামি কুকুর ‘কুকি’র সন্ধান দিলে মিলবে পাঁচ হাজার টাকা
ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকায় হারিয়ে যাওয়া একটি পোষা কুকুরের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কুকুরের মালিক। সেই সঙ্গে সন্ধানদাতাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন কুকুরটির মালিক সালাউদ্দিন গাউস। গতকাল বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানায় তিনি জিডিটি করেন।
কুকুরটির মালিক গাউস বলেন, তাঁর বাড়ি শহরের আদর্শপাড়া এলাকায়। প্রায় এক বছর আগে একটি বিদেশি কুকুর সংগ্রহ করে পালতে শুরু করেন। কুকুরটির নাম রাখেন কুকি। গতকাল সকালে বাড়ির গেটের বাইরে বের হওয়ার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তাঁর ধারণা, অচেনা কেউ কুকুরটি চুরি করে নিয়ে গেছে। অনেক জায়গায় খোঁজাখুঁজির পর কুকুরটির সন্ধান না পেয়ে তিনি থানায় জিডি করেছেন।
সালাউদ্দিন গাউস বলেন, হারিয়ে যাওয়া পোষা কুকুরটির বয়স এক বছর। গায়ের রং সাদা ও বাদামিমিশ্রিত। ওজন ১২ কেজির ওপরে। কেউ কুকুরটির সন্ধান দিলে তাঁকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেবেন।
এ বিষয়ে ঝিনাইদহ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই বলেন, যেকোনো পোষা প্রাণী হারিয়ে গেলে আইন অনুযায়ী থানায় অভিযোগ করার সুযোগ আছে। শহরের আদর্শপাড়া এলাকায় এক যুবকের একটি পোষা কুকুর হারিয়ে যাওয়ায় তিনি আইন অনুযায়ী থানায় জিডি করেছেন। পুলিশ বিষয়টি দেখছে।