রাজশাহীতে এক মঞ্চে সংসদ সদস্যের পাঁচটি করে কমিটি, জানে না জেলা আওয়ামী লীগ
রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এক মঞ্চে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার-পাঁচটি করে কমিটি ঘোষণা করছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। কিন্তু বিষয়টি জানে না জেলা আওয়ামী লীগ। কমিটি গঠনের আগে সাংগঠনিক রীতি অনুযায়ী কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়ার নিয়ম থাকলেও সংসদ সদস্য সেটির তোয়াক্কা করছেন না। ঢালাওভাবে কমিটি গঠন করছেন সংসদ সদস্য। তাঁর দাবি, বিধি মেনেই কমিটি গঠন করা হচ্ছে।
গোদাগাড়ী ও তানোর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কোনো কমিটিই নেই। উপজেলা দুটির চারটি ইউনিয়নে দুটি করে কমিটি ঘোষণা করা হয়েছে। এ জন্য সাংগঠনিক কোনো অনুমোদন নেওয়া হয়নি। এমনকি যে ইউনিয়নে কমিটি গঠন করা হচ্ছে, সেই ইউনিয়নের সভাপতিও বিষয়টি জানেন না। শুধু ব্যানারে তাঁর নাম ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে নেতা-কর্মীদের ক্ষোভের শেষ নেই।
সর্বশেষ গত রোববার বিকেলে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে সংসদ সদস্যের উপস্থিতিতেই চেয়ার ভাঙচুর ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে মাদক ব্যবসায়ী ও থানার দালালদের যুবলীগের কমিটিতে রাখার অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া, মোহনপুর এবং তানোর উপজেলার কলমা ও কামারগাঁ ইউনিয়নে দুটি করে কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গোদাগাড়ী পৌরসভা, তানোরের কামারগাঁ ইউনিয়ন, সরনজাই ইউনিয়ন, তালন্দ ইউনিয়ন ও মুন্ডুমালা পৌরসভায় পাঁচটি করে এবং তানোরের কলমা ইউনিয়নের চারটি করে কমিটি ঘোষণা করা হয়েছে। এসব কমিটির ব্যাপারে জেলা আওয়ামী লীগের নেতারা কিছুই জানেন না।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার প্রথম আলোকে বলেন, ‘একই মঞ্চে পাঁচটি করে কমিটি ঘোষণার ব্যাপারে আমি কিছুই জানি না। এটা তো হয় না। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ ব্যাপারে জানতে পারেন বা তাঁর অনুমতি নিয়ে করতে পারেন।’ তিনি তাঁর সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ বলেন, তিনিও বিষয়টি জানেন না। সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী হয়তো কেন্দ্রীয় আওয়ামী লীগের অনুমতি পেয়েছেন। ওই দুটি উপজেলায় আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিই নেই। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ছাড়া কীভাবে কমিটি ঘোষণা হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, দলের একটা প্রথা আছে। সেই অনুযায়ী হয়তো করতেও পারেন।
তানোর উপজেলা ছাত্রলীগের কমিটি ২০১৭ সালে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রাজশাহী জেলা ছাত্রলীগেরও কমিটি নেই। এ অবস্থায় সংসদ সদস্য ছাত্রলীগেরও কমিটি ঘোষণা করছেন। অভিযোগ উঠেছে, ২০১৭ সালে তানোর উপজেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক সারোয়ার জাহান হেরোইনসহ ধরা পড়েন। সেই মামলা এখনো চলমান। ছাত্রলীগের সংগঠন গোছানোর দায়িত্ব এখন তিনিই পালন করছেন। এ ছাড়া তানোর উপজেলা পরিষদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির যুব সংগঠনের সভাপতি আবু বাক্কার হাতুড়ি প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এবার তাঁকে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনিই এসব কমিটি ঘোষণার মঞ্চ পরিচালনা করছেন। এ নিয়ে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষের শেষ নেই।
গোদাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মতিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘উপজেলার ১ নম্বর গোদাগাড়ী ইউনিয়নে ২৫ জুলাই আওয়ামী লীগ ও চারটি সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন একই মঞ্চে অনুষ্ঠিত হলো। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। আমি দীর্ঘ ২৯ বছর ধরে চারবার কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলাম। এমন কোনো কাজ করিনি, যাতে দলের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়া সত্ত্বেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলের বিষয়ে আমাকে জানাননি। আমার ইউনিয়নে কাউন্সিল হচ্ছে শুনে ঘরে বসে থাকতে পারিনি, গিয়েছিলাম। ব্যানারে চোখ পড়তেই দেখি আমার নাম। তাতে লেখা আছে সভাপতিত্ব করবেন আবদুল মতিন, সভাপতি গোদাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ। আমি বুঝলাম এটা কৌশল। দুঃখজনক হলেও সত্য।’ তিনি সেখানে গেলে সভাপতির বক্তব্য দেওয়ার সুযোগ পান। তখন দুঃখের কথাগুলো মঞ্চে দাঁড়িয়েই বলে ফেলেন। এরপর মঞ্চ থেকে নেমে চলে আসেন।
তানোরের তালন্দ ইউনিয়নের কমিটি গঠনের দিনে আলমগীর নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘যেখানে জেলা ও উপজেলা ছাত্রলীগের কমিটিই বিলুপ্ত করা হয়েছে, সেখানে আজ তালন্দ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি কার স্বাক্ষরে হবে? এটা কোন ধরনের কাজ, নিন্দা ও প্রতিবাদ জানাই।’
জানতে চাইলে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, সাংগঠনিক নিয়ম মেনেই সব কমিটি ঘোষণা করা হয়েছে। তানোর-গোদাগাড়ী আসলে জামায়াত-বিএনপি অধ্যুষিত এলাকা ছিল। তাঁর নেতৃত্বে এখন আওয়ামী লীগে প্রচুর মানুষ আসছে। প্রতিটি সম্মেলনে ব্যাপক মানুষ উপস্থিত হচ্ছে। একই মঞ্চে পাঁচটি কমিটির বিষয়ে বলেন, ‘সামনে নির্বাচন। হাতে সময় নাই। কোনো কোনো কমিটির বয়স ১২-১৩ বছর হয়ে গেছে। তাই সময় বাঁচানোর জন্য একসঙ্গে করছেন। সবকিছু বিধি মেনেই করা হচ্ছে।’ মাদক ব্যবসায়ীদের কমিটিতে রাখার ব্যাপারে তিনি বলেন, ‘গোদাগাড়ীতে মাদক ব্যবসা করে না, এমন একটি মানুষও পাওয়া যাবে না। বিশেষ করে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের দক্ষিণ পাশে।’