২৩ জেলায় নাশকতা, দুটি ট্রেন ও রেললাইনে আগুন, পুড়ল ১২ বাস

সিলেট নগরের চালিবন্দর এলাকায় বৃহস্পতিবার সকালল চারটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের ২৩ জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। কোথাও বাস–ট্রাকে আগুন দেওয়া হয়েছে, কোথাও রেললাইনে টায়ার জ্বালিয়ে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা হয়েছে। দুটি ট্রেনের দুটি কোচে আগুন দেওয়ার ঘটনাও আছে।

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ করেছেন। এর আগে সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন।

এ ছাড়া বিভিন্ন জায়গায় নাশকতার ঘটনা ঘটেছে একাধিক সরকারি দপ্তর, বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার কারণে কিছু পথে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

যেসব জেলায় নাশকতার ঘটনা ঘটেছে, সেগুলো হলো সেগুলো হলো গোপালগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও রাজবাড়ী।

আরও পড়ুন
আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন, সড়কে বাধা সৃষ্টি

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ‎এতে বক্সের ভেতরে থাকা চেয়ার ও কিছু আসবাব পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের ট্রাফিক পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

একই উপজেলার তৈলাদ্বীপ এলাকায় বিএনপির এমপি সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে গতকাল বুধবার রাতে রামদা ও লগি-বইঠা হাতে মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন দেয়।

চট্টগ্রামের বাঁশখালীতে সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ ভোরে উপজেলার কালীপুর ও শেখেরখীল ইউনিয়নের দুটি পৃথক সড়কে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। একই সময় উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখার বাইরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খাগড়াছড়ি সদরে বুধবার রাতে দাঁড়িয়ে থাকা পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ছবি: প্রথম আলো

এদিকে খাগড়াছড়ি সদর উপজেলায় পার্ক করে রাখা দুটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খাগড়াপুর এলাকায় মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

একটা গাড়ির সিটসহ ভেতরের অংশ পুড়েছে, অন্যটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু।

লক্ষ্মীপুরের রায়পুরে থানা লক্ষ্য করে আতশবাজি নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পালানোর চেষ্টা করলে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রায়পুর থানার পশ্চিম পাশে মার্চেন্ট একাডেমির সামনে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদেরকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রায়পুর থানার ওসি মো. নিজাম উদ্দিন ভূঁঞা।

ফেনীর ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে উপজেলার নতুন মুন্সীরহাট এলাকার জগতপুর-আমজাদহাট সড়কে (হাবুর টেক) অবস্থিত ব্যাংকের আঞ্চলিক কার্যালয় এমন ঘটনা ঘটে। এতে কার্যালয়ের তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ঘটনার ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুলগাজী থানার ওসি মো. শাহীন মিয়া  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারাণগঞ্জ জেলার ফতুল্লার পাগলা রেলস্টেশন এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত পদ্মা রেলওয়ে সংযোগ সেতুর ৩৪ নম্বর পিলার। বৃহস্পতিবার সকালে তোলা ছবি
প্রথম আলো

আগুনে ক্ষতিগ্রস্থ পদ্মা রেল লিংকের পিলার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও খড়বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাস ও ট্রাকের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বাস ও ট্রাকে থাকা আরোহীরা নিরাপদে বের হয়ে এসেছেন বলে কাঁচপুর হাইওয়ে থানা সূত্রে জানা যায়।

এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা সেতু রেল–সংযোগের (পদ্মা রেল লিংক) একটি পিলার গভীর রাতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ওই পিলারের ওপর দিয়ে ট্রেন চলাচলের গতি কমিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা রেলস্টেশন এলাকায় পদ্মা রেল লিংকের ৩৪ নম্বর পিলারসংলগ্ন একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে আগুন লাগে।

গাজীপুরের ভুরুলিয়ায় গতকাল দিবাগত রাত তিনটার দিকে পল্লী বিদ্যুতের অভিযোগকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক ইউসুফ আলী।

এদিকে ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় মো. শাহিন নামের একজনকে আটক করা হয়েছে। স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করে পিটুনি দিয়ে সাভার মডেল থানা–পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে যাত্রীসেবা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।
ছবি: প্রথম আলো

রাজশাহীতে বাস ডিপোতে আগুন

রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিআরটিসির বাস ডিপোতে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত ২টা ২৫ মিনিটে নগরের আমচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া রাতে টার্মিনালে থাকা দুটি বাসে পেট্রলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে একটি বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে একটি বাস পুড়ে যায়। অন্যটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গতকাল রাত সোয়া ১১টার দিকে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে আগুন দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে চারঘাট মডেল থানা–পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নে ঈশ্বরদী-বানেশ্বর সড়কের পাশে গ্রামীণ ব্যাংকের শাখা-সংলগ্ন এলাকা থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। আজ সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাটোরের জেলার গুরুদাসপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হকের মালিকানাধীন মুদিদোকানে আজ ভোর পাঁচটার দিকে আগুনের ঘটনা ঘটে। উপজেলার বিয়াঘাট হাটপাড়া এলাকায় ওই নেত্রীর বাসার সামনেই দোকান দুটির অবস্থান। আগুনের ঘটনায় দোকানঘর দুটির অধিকাংশ মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাজশাহীতে বুধবার গভীর রাতে জয় বাংলা স্লোগান দিয়ে পুড়িয়ে দেওয়া বিআরটিসি ডিপোর একটি বাস। নগরের শাহ মখদুম থানা এলাকায়
ছবি: প্রথম আলো

এদিকে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নবনির্মিত মিলনায়তনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। এ ছাড়া জেলার সুজানগরে একটি বাসে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টা থেকে পৌনে দুইটার দিকে এসব ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে সদর উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত মিলনায়তনের দুটি চেয়ার পুড়ে যায় এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ক্ষতিগ্রস্ত হয়। ইউএনও তামারা তাসবিহা বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

পাবনার জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডে বুধবার দিবাগত রাত দুইটার দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সুজানগর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, আগুনে বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জেলার আতাইকুলা, ভাঙ্গুড়া, সাঁথিয়া, বেড়া ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে মশালমিছিল বের করে মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। এ ছাড়া রাতে পাবনা–ঢাকা মহাসড়কের কয়েকটি স্থান এবং ভাঙ্গুড়ায় পাবনা-সিরাজগঞ্জ মহাসড়ক রাস্তা অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রলবোমা

টাঙ্গাইলের মির্জাপুরে সোহাগপুর এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে গতকাল বুধবার রাতে আগুন দেয় দুর্বৃত্তরা
ছবি : ভিডিও থেকে নেওয়া

গতকাল রাত ১২টার পর টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একই রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকার উড়ালসড়ক থেকেও নিচের দিকে পেট্রলবোমা ছোড়ার ঘটনা ঘটেছে। এতে কিছু সময়ের জন্য ঢাকামুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গোড়াই হাইওয়ে থানার অদূরে মহাসড়কের সোহাগপুর এলাকায় সড়কের দক্ষিণ পাশে জুলাই স্মৃতিস্তম্ভটি অবস্থিত। রাত ১২টার পর কয়েকজন যুবক সেখানে এসে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে স্মৃতিস্তম্ভে আগুন ধরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময় দুর্বৃত্তরা গোড়াই এলাকার উড়ালসড়ক থেকে নিচের দিকে পেট্রলবোমা ছোড়ে। পরে আগুন নিভে যায়।

চলন্ত বাসে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবে। এতে বাসের কাচ ভেঙে ভেতরে আগুন ধরে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা তা নিভিয়ে ফেলেন। গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরবের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। ‘যাতায়াত’ পরিবহনের বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল।

জেলার কটিয়াদীতে একটি কাঠের দোকান থেকে প্রায় ৩০০টি লগি-বইঠা জব্দ করেছে পুলিশ। গতকাল রাত ১১টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের বাজারসংলগ্ন ওই দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানটির মালিক জসিম মিয়াকে আটক করা হয়েছে।

নেত্রকোনার পূর্বধলা জারিয়া স্টেশন থেকে ছেড়ে যাওয়া লোকাল ট্রেনটি ময়মনসিংহের বিসকা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে একটি কোচ ক্ষতিগ্রস্থ হয়। বুধবার রাতের ছবি
সংগৃহীত

চলন্ত ট্রেনে আগুন

ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১২টা ১৫ মিনেটে জারিয়া-ময়মনসিংহের বিসকা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ট্রেনের ১৮৯৬ নম্বর কোচের দুটি সিট আগুনে পুড়ে যায়। গৌরীপুর জংশনের স্টেশনমাস্টার আতাউর রহমান বলেন, রাতের ট্রেনে খুব বেশি যাত্রী ছিল না। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কোনো হতাততের ঘটনা ঘটেনি।

আজ ভোরে ময়মনসিংহের ভালুকায় সড়কের পাশে পার্ক করে রাখা মীর এক্সপ্রেস নামের একটি বাসে এবং ফুলবাড়িয়া উপজেলার এক ইউপি চেয়ারম্যানের কক্ষে আগুন দেওয়া হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফুলবাড়িয়ার ইউএনও শহীদুল ইসলাম।

অন্যদিকে ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ভোর পৌনে চারটার দিকে বাসে আগুন দেওয়া হয়। ভালুকা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসটি পার্ক করা ছিল। এ সময় বাসের ভেতরে একজন কর্মী ঘুমিয়ে ছিলেন। তিনি দ্রুত বের হয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত একটি যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের কাচ ভেঙে ভেতরে আগুন ধরে যায়। বুধবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর এলাকায়
ছবি: সংগৃহীত

এদিকে নেত্রকোনায় ট্রেনে, গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে ও ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া জেলা সদর ও বারহাট্টা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

পূর্বধলার জারিয়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে জারিয়া স্টেশন থেকে একটি লোকাল ট্রেন ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে ট্রেনটি ময়মনসিংহের বিসকা স্টেশনে পৌঁছালে দুর্বৃত্তরা একটি কোচে আগুন ধরিয়ে দেয়।

পূর্বধলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে গ্রামীণ ব্যাংকের খলিশাউড়া শাখার কার্যালয়ে আগুন দেওয়া হয় আজ ভোর পৌনে চারটার দিকে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম জানান, আগুনে তেমন ক্ষতি হয়নি।

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটিতে ফচিকা ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মধুসূদন সরকার প্রথম আলোকে বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের একটি জানালা খুলে প্লাস্টিকের বোতলে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে কাঠের একটি চেয়ার পুড়ে গেছে। পাশে থাকা স্টিলের আলমারি কালো হয়ে গেছে।

সিলেটে চার বাসে আগুন

সিলেট নগরের চালিবন্দর এলাকায় বুধবার দিবাগত ভোররাত চারটা থেকে সাড়ে চারটার মধ্যে চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সব কটি বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন এ তথ্য জানান।

মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, চালিবন্দর এলাকার সিলেট ল কলেজের পাশে চারটি মিনিবাস দাঁড় করা ছিল। ভোরে স্থানীয় লোকজন বাসগুলোতে আগুন জ্বলতে দেখে পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে তাৎক্ষণিক ওই কার্যালয়ের নৈশপ্রহরী ও আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন শাখা ব্যবস্থাপক আবু হানিফ।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের পুনিয়াউট লেবেলক্রসিং এলাকায় গতকাল রাত সোয়া ১১টায় ‘জয় বাংলা’ স্লোগানে রেললাইনের ওপর টায়ারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে ছয়জনকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. খায়রুল আলম।

গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় রেলওয়ের সংকেত বাক্সে আগুন দেওয়া হয়। আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, আগুন বাক্সের ভেতরে পৌঁছাতে পারেনি। ফলে সিগন্যালিং–ব্যবস্থার তেমন কোনো ক্ষতি হয়নি।

এদিকে চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউপি ভবনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বেশ কিছু আসবাব পুড়ে গেছে। গতকাল গভীর রাতে এ ঘটনা ঘটে। রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউপি ভবনের জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ভেতরে ছড়িয়ে পড়লে বেশ কিছু আসবাব পুড়ে যায়।

চাঁদপুরে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে দুর্বৃত্তদের আগুন
ছবি: সংগৃহীত

বিএনপির কার্যালয়ে আগুন

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার কার্তিকদিয়া গ্রামের ঝাউতলা এলাকার কার্যালয়টিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা ওই ঘটনা ঘটান বলে অভিযোগ। আগুনে বিএনপি অফিসের চেয়ার, টেবিল, বিএনপির নেতা–কর্মীদের ছবি, ফ্যান ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়।

অগ্নিসংযোগকারীরা কার্যালয়টির দেয়ালে ‘জয় বাংলা’, ‘লকডাউন’ লিখে দিয়েছে।
আজ সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা। পরে পুলিশ ও বিএনপির নেতা–কর্মীরা সেখানে গেলে তাঁরা পালিয়ে যান।

বুধবার রাতে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজ–সংলগ্ন এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

এদিকে ‘নিরাপত্তার কারণে’ পদ্মা সেতু হয়ে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা। অধিকাংশ বাস কাউন্টারও বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে
ছবি: সংগৃহীত

ডিসি কার্যালয় থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বারান্দায় রাখা একটি চেয়ারের ওপর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। একটি টিফিন বক্স আকৃতির পাত্রের ওপর লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বস্তুটি বোমা কি না, তা নিশ্চিত হতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয় পুলিশ।

পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বস্তুটি কীভাবে সেখানে এল, তা নিশ্চিত হতে আমরা কাজ করছি। ইতিমধ্যে সিসিটিভির ফুটেজ যাচাই করে ভোরের দিকে চাদর গায়ে দেওয়া এবং মুখে মাস্ক পরা একটা ছেলেকে সেখানে ঘোরাফেরা করতে দেখা গেছে। আমরা যাচাই–বাছাই করে দেখছি, আসলে ওই ছেলে সেখানে এটা রেখে গেছে কি না।’

এদিকে রংপুর মহানগরীতে পার্ক করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত চারটার দিকে দর্শনা রোডের বিএসটিআই কার্যালয়ের অদূরে সাজু মিয়ার গ্যারেজে ওই ঘটনা ঘটে। আগুনে পুড়িয়ে দেওয়া বাসটি শাপলা পরিবহনের।

রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আনোয়ারুল হক জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। ততক্ষণে বাসটির বেশির ভাগ পুড়ে যায়।