ঠাকুরগাঁওয়ে মণ্ডা–মিঠাই খেয়ে দিনাজপুরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাচ দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ে সকালের নাশতা সারেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় তাঁকে বিভিন্ন ধরনের মিষ্টি ও পিঠা পরিবেশন করা হয়। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার আকচা গ্রামের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরেছবি: প্রথম আলো

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিন দিনের উত্তরবঙ্গ সফরে এসে ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর ও দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন।

আজ মঙ্গলবার সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে প্রথমে ঠাকুরগাঁওয়ের আকচা গ্রামের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর ঘুরে দেখেন। পরে সকাল ১০টার দিকে যান দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরে।

আরও পড়ুন

রাষ্ট্রদূত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদলসহ লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে যান। জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখার সময় তাঁরা উত্তর বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহ্যবাহী জীবনযাপন, লোকজ সংস্কৃতি, স্থানীয় ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জ্ঞান, জীববৈচিত্র্য ও গ্রামীণ ইতিহাসের নানা নিদর্শন সম্পর্কে ধারণা নেন।

পরে সেখানে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীরা স্থানীয় ঐতিহ্যবাহী মিঠাই-মণ্ডা ও পিঠার স্বাদ নেন।

রাষ্ট্রদূত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদলসহ লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে যান
ছবি: প্রথম আলো

স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাপনের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে ২০০৬ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামানের উদ্যোগে জাদুঘরটি গড়ে তোলা হয়। প্রথমে সেখানে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করা হতো। পরে যুক্ত হয় মুক্তিযুদ্ধ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবন, বাদ্যযন্ত্র, নদী, বিজ্ঞান ও লোকজ খেলনা গ্যালারি।

জাদুঘর পরিদর্শন শেষে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, তিনি ঠাকুরগাঁওয়ের আতিথেয়তা উপভোগ করছেন। এখানে এসে তিনি ঐতিহ্যবাহী খাবার খেয়েছেন, কিছু মিষ্টির স্বাদ নিয়েছেন এবং লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর ঘুরে দেখেছেন। উত্তর-পশ্চিম বাংলাদেশের কিছু সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করেছেন তিনি।

আরও পড়ুন

উত্তরবঙ্গে এটি প্রথম সফর জানিয়ে রাষ্ট্রদূত বলেন, অভিজ্ঞতাটি তাঁর কাছে দারুণ আনন্দের। যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় তিনি আকর্ষণীয় স্থান ঘুরতে পছন্দ করেন; এখানেও তেমন অভিজ্ঞতা হয়েছে তাঁর। এসব স্থান একটি এলাকার অনন্য বৈশিষ্ট্য তুলে ধরে। এর আগে গতকাল তিনি ঠাকুরগাঁওয়ে প্রাচীন আমগাছ ও সমতল ভূমির চা-বাগান পরিদর্শন করেছেন।

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রদূতের পরিদর্শনের সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, ইএসডিওর নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামানসহ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরে পৌঁছালে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীরা নৃত্য পরিবেশনের মাধ্যমে তাঁদের স্বাগত জানান
ছবি: প্রথম আলো

পরে সকাল ১০টার দিকে ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তাঁর স্ত্রী ডিয়ান ডাও দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরে যান। মন্দিরে পৌঁছালে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীরা নৃত্য পরিবেশনের মাধ্যমে তাঁদের স্বাগত জানান। এ সময় রাষ্ট্রদূত মন্দিরে প্রদীপ প্রজ্বালন ও আরতিতে অংশ নেন।

এরপর টেরাকোটা শিল্পসমৃদ্ধ কান্তজিউ মন্দির ঘুরে দেখেন রাষ্ট্রদূত। তিনি মন্দিরের ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ধারণা নেন। পরে তিনি নয়াবাদ মসজিদ পরিদর্শন করেন। কান্তজিউ মন্দির পরিদর্শন শেষে তিনি সেখানে ‘ক্রিসমাস’ নামে একটি গাছও রোপণ করেন।

এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাবিবুল হাসান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আহমেদ আবদুল্লাহ, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংহ, দেবোত্তর কমিটির সদস্য ডি সি রায়সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।