কয়রায় হরিণের ১৬ কেজি মাংসসহ দুই ব্যক্তি আটক
খুলনার কয়রা উপজেলায় হরিণের ১৬ কেজি মাংসসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের কয়রা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
আটক রাজু হোসেন (৩৫) কয়রা গ্রামের মৃত মেছের গাজীর ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি। আটক অপর ব্যক্তির নাম মো. রোকনুজ্জামান (২৩)। তিনি উপজেলার দেয়াড়া গ্রামের আবদুল হালিম ফকিরের ছেলে এবং কয়রা গ্রামের একটি মসজিদের ইমাম।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, রোকনুজ্জামান পাঁচ কেজি হরিণের মাংস কিনে স্কুলব্যাগে ভরে কয়রা গ্রাম থেকে উপজেলার ঝিলিয়াঘাটা এলাকায় যাচ্ছিলেন। পথে কাশিয়াবাদ পুলিশ ক্যাম্পের একটি দল ওই হরিণের মাংসসহ রোকনুজ্জামানকে আটক করে।
পরে তাঁর তথ্যের ভিত্তিতে কয়রা গ্রামের রাজু হোসেনের বাড়িতে অভিযানে যায় দলটি। এ সময় ওই বাড়ি তল্লাশি করে ১১ কেজি হরিণের মাংস পাওয়া যায়। ওই মাংস জব্দ ও রাজু হোসেনকে আটক করা হয়।
কাশিয়াবাদ পুলিশ ক্যাম্পের প্রধান পরিদর্শক মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আটক দুজন সুন্দরবনে যান না। তাঁরা হরিণ শিকারিদের কাছ থেকে এ মাংস কিনে থাকতে পারেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম এস দোহা প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী নিধন আইন অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে। মামলার পর জব্দ করা মাংসসহ তাঁদের কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। মূল শিকারি চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।