সিলেট নগরে পর্যায়ক্রমে ৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ সরবরাহ লাইন
প্রতীকী ছবি

সিলেট নগরের বিভিন্ন এলাকায় টানা চার দিন পর্যায়ক্রমে ৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত, সংরক্ষণ ও সংযোগ লাইনের ওপর থাকা গাছের শাখা-প্রশাখা কাটার জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে রোববার বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

আজ বুধবার বিকেলে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন প্রথম আলোকে বলেন, গাছের শাখা–প্রশাখা কর্তন ও জরুরি মেরামতের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার নগরের সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মীরাবাজার ও খারপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার বন্দরবাজার হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, বটেরতল, মাছিমপুর ও ছড়ারপাড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে না। নগরের বালুচর, শান্তিবাগ, আল-ইসলাহ, সোনারবাংলা, আলুরতল, গোপালটিলা, আরামবাগ, দলাদলি চা-বাগান ও আশপাশের এলাকায় শনি ও রোববার রায়নগর, ঝর্ণারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরিপাড়া, আগপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।