রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে ইঞ্জিন বিকল হয়ে আছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের
ছবি: প্রথম আলো

নীলফামারীর চিলাহাটী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস নামের ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। বিরতির পর আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২২ মিনিটে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন থেকে ছাড়ার পরক্ষণে প্ল্যাটফর্মেই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

এতে সান্তাহার, আহসানগঞ্জ, আব্দুলপুর ও রাজশাহীগামী ট্রেন যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বেলা পৌনে একটায় এই প্রতিবেদন লেখার সময় ট্রেনটি রেলস্টেশনের ১ নম্বর লাইনে বিকল অবস্থায় ছিল। পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

ইঞ্জিন বিকল হওয়ায় দুর্ভোগে পড়েন বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা
ছবি: প্রথম আলো

বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের রাজশাহীর যাত্রী শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ট্রেনে চড়ে জরুরি কাজে রাজশাহী যাচ্ছিলাম। ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন ছাড়ার পর থেকেই লক্কড়-ঝক্কর করছিল। আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতি করে ছাড়ার পর প্ল্যাটফর্ম অতিক্রম না করতেই ট্রেনটি আটকে যায়। পরে ট্রেনটি আবার প্ল্যাটফর্মে নেওয়া হয়।

আরেক যাত্রী শেফালি খাতুন বলেন, ‘ঢাকায় কিছু পুরাতন বাস সড়কে চলাচল করতে করতে একটি স্থানে গিয়ে বিকল হয়ে আটকে যেত। মানুষ সেই বাসগুলোকে মুড়ির টিন বলত। এখন দেখছি ট্রেনেও একই অবস্থা।’

আজ বেলা পৌনে একটার দিকে আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাদিজা খাতুন প্রথম আলোকে বলেন, ট্রেনটির ইঞ্জিন এখনো সচল হয়নি। পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। ট্রেনটি সকাল ১০টা ১৮ মিনিটে এখানে যাত্রা বিরতি করে। ১০টা ২২ মিনিটে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। প্ল্যাটফর্মের কিছুদূর এগিয়ে যাওয়ার পর ট্রেনের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরে ১০টা ২৮ মিনিটে ট্রেনটি প্ল্যাটফর্মে ফিরে আসে।