‘আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করেছে আওয়ামী লীগ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবু তোয়বুর রহমানের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আবু বকর ছিদ্দিক। শুক্রবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে।
ছবি: প্রথম আলো

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তোয়বুর রহমান দলীয় নেতা–কর্মীদের নেতিবাচক ভূমিকার কারণে পরাজিত হয়েছেন। শুক্রবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে সরকারদলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু বকর ছিদ্দিক সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এ কথা বলেন।

১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি তোয়বুর রহমান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৫২ ভোটে পরাজিত হন। তোয়বুর পান ২৩১ ভোট। স্বতন্ত্র প্রার্থী পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল হান্নান শেখ চশমা প্রতীকে পান ২৮৩ ভোট।

ভোট অনুষ্ঠানের পঞ্চম দিনে পরাজয়ের কারণ ও ব্যাখ্যা নিয়ে হাজির হন তোয়বুর রহমানের ছোট ভাই আবু বকর ছিদ্দিক। তিনি পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্রশাসক, জেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক। বর্তমানে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি।

আবু বকর বলেন, ‘নির্বাচনের ফলাফলের পর আপনারা দেখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানুষ বিস্ময় প্রকাশ করেছেন এবং জেলার সব শ্রেণির সচেতন মানুষ বিস্মিত হয়েছেন। তাঁরা কেউ ধারণা করতে পারেননি, এ নির্বাচনে আবু তোয়বুর রহমান পরাজিত হবেন। এ পরাজয়ের মূল কারণ ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখা। নির্বাচনে জেলা আওয়ামী লীগের নেতাদের ভূমিকা কতটুকু ছিল, তা সবাই প্রত্যক্ষ করেছেন। এটা দিনের আলোর মতো প্রস্ফুটিত হয়েছে যে এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করেছে আওয়ামী লীগ।’

এর আগের জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নিজেও হেরেছিলেন আবু বকর। পঞ্চগড় জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও রেলপথমন্ত্রী নূরুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাতের অসহযোগিতার কারণে ওই নির্বাচনে পরাজিত হতে হয়েছিল বলে জানান তিনি। আবু বকরের দাবি, একই কায়দায় এবারের নির্বাচনে তাঁর ভাই তোয়বুরকে পরাজিত করা হয়েছে।

এ পরাজয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে জানিয়ে আবু বকর বলেন, ‘এ নির্বাচনে পরাজয়ের জন্য আমি অন্য কোনো বিরোধী দলকে দুষব না। এ নির্বাচনে পরাজয়ের কারণ আমাদের আওয়ামী লীগ। আমার মনে হয়, পঞ্চগড় জেলা আওয়ামী লীগে আজকে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা ব্যর্থ। তাঁরা শুধু আবু তোয়বুর রহমানকে পরাজিত করেননি, তাঁরা বাংলাদেশ আওয়ামী লীগকে পরাজিত করেছেন।’

পঞ্চগর জেলা আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন করে ভাবতে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন আবু বকর। তিনি বলেন, ‘কিছুদিন আগে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। ওই সম্মেলনে নূরুল ইসলামকে সভাপতি ও আনোয়ার সাদাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ কমিটির এখনো অনুমোদন হয়নি। এ জন্য দলীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছে আকুল আবেদন, তিনি যেন তাঁদের এই পদ থেকে সরিয়ে দিয়ে নতুন করে আবার সভাপতি-সম্পাদক নির্বাচিত করেন।’

পরাজিত প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলনের যেসব অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রার্থী হিসেবে তোয়বুর রহমান তেমন পরিচিত ছিলেন না। এ ছাড়া কেউ তাঁর বিরোধিতা করেননি। বিরোধিতা করলে আরও বেশি ব্যবধানে পরাজিত হতেন তিনি।

আনোয়ার সাদাত বলেন, ‘প্রার্থী তাঁর কোনো নির্বাচনী সভায় আমাকে ডাকেননি। এরপরও আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে নিজে থেকে প্রতিটি ইউনিয়নে গিয়ে তাঁর নির্বাচন করেছি। আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি বা আমার কোনো লোক তাঁর (তোয়বুরের) বিরুদ্ধে ভোট করেছেন বা অন্য কোনো প্রতীকের ভোট চেয়েছেন, এমন প্রমাণ যদি আমাদের প্রার্থী দিতে পারেন, তাহলের আমি জেলার সাধারণ সম্পাদক পদ ছেড়ে দেব।’