বিপদে পড়ে বড় ভাইয়ের বন্ধুকে ফোন, চার দিন আটকে রেখে ধর্ষণ
রাগ করে বাড়ি থেকে বের হয়েছিলেন এক তরুণী। নিজের কাছে টাকা না থাকায় সাহায্য চেয়েছিলেন ভাইয়ের এক বন্ধুর কাছে। এরপর সেই তরুণ সহায়তার কথা বলে চার দিন আটকে রাখেন তরুণীকে। তাঁকে বিভিন্ন স্থানে ওই তরুণ ও তাঁর দুই বন্ধু ধর্ষণ করেন। আটক অবস্থা থেকে বেরিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে তিনি নড়াইল সদর থানায় মামলা করেন।
মামলার পর ভুক্তভোগী তরুণীর বড় ভাইয়ের ওই বন্ধুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে আদালতে অপরাধ স্বীকার করে দুজনই জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার দুজন হলেন নড়াইল সদর উপজেলার আল আমিন শেখ ওরফে সাব্বির (২২) ও নূরনবি মোল্যা। অন্য আসামি মো. বিপ্লব পলাতক।
মামলার এজাহারে ওই তরুণী অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে ৪ নভেম্বর বিকেলে তিনি নিজ বাড়ি থেকে বের হন। সঙ্গে টাকা না থাকায় তিনি বড় ভাইয়ের বন্ধুকে ফোন করেন। সহায়তা করার কথা বলে তিনি কৌশলে তাঁকে আরেকজনের (মামলার আসামি) ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানে রাতে ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। পরদিন রাতে তাঁকে আরেকজনের (আরেক আসামি) বাড়িতে নেওয়া হয়। সেখানেও তাঁকে ধর্ষণ করা হয়।
তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি জবানবন্দি দিয়েছেন। পলাতক আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।অজয় কুমার কুন্ডু, নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত)
এজাহারের বিবরণ অনুযায়ী, ওই তরুণী একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ৬ নভেম্বর সন্ধ্যার পর তিনি কৌশলে একজনের মুঠোফোন থেকে ঘটনাটি তাঁর ভাইকে জানান। এরপর ৮ নভেম্বর মধ্যরাতে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করেন।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু প্রথম আলোকে বলেন, তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি জবানবন্দি দিয়েছেন। পলাতক আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।