ফরিদপুরে ‘রাতের আঁধারে’ বিজ্ঞপ্তি দিয়ে সদর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। জেলা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা আজ রোববার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে কর্মসূচির আয়োজন করে।
এর আগে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাদিকুর রহমান ও অমিয় সরকার, সাংগঠনিক সম্পাদক রিজন মোল্লা প্রমুখ। এ সময় জেলা ছাত্রলীগের আরেক সাংগঠনিক সম্পাদক মো. রাজিব শেখ, জেলা ছাত্রলীগ সাবেক ছাত্র বৃত্তিবিষয়ক সম্পাদক নাভিদ হাসানসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বরে জেলা ছাত্রলীগেরে সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ফাহিম আহামেদ স্বাক্ষরিত পৃথক তিনটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি ইয়াছিন কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত এবং সদর উপজেলা কমিটি ভেঙে দিয়ে পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন।
বক্তারা বলেন, কোনো প্রকার বর্ধিত সভা ও কর্মী সম্মেলন এবং জীবনবৃত্তান্ত আহ্বান না করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি অনুমোদন দেওয়া এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করা ছাত্রলীগের গঠনতন্ত্রবহির্ভূত ও অগণতান্ত্রিক। বক্তারা দ্রুত সদর উপজেলার নতুন কমিটি ভেঙে দিয়ে প্রকৃতপক্ষে যাঁরা ছাত্রলীগ করেন, তাঁদের দিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।