কিশোরগঞ্জে ২ মাস ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, পরিবারে উৎকণ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলাইমান বিপ্লব
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ শহরতলির সতাল তারাপাশা কওমি মাদ্রাসার ছাত্র সুলাইমান বিপ্লব (১৪) প্রায় দুই মাস ধরে নিখোঁজ। সম্ভাব্য সব জায়গায় খুঁজে তাকে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। এ ঘটনায় ওই ছাত্রের মা ফরিদা আক্তার গত ৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া প্রথম আলোকে বলেন, দেশের অন্যান্য থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে খুঁজে পেতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তার পরিবারকেও বিভিন্ন এলাকায় খোঁজখবর রাখতে বলা হয়েছে।

পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, সুলাইমান জেলার কুলিয়ারচর উপজেলার পশ্চিম গোবরিয়া আবদুল্লাপুর এলাকার দুলাল মিয়ার ছেলে। সে কিশোরগঞ্জ শহরতলির সতাল তারাপাশা কওমি মাদ্রাসার নাজেরা বিভাগে পড়ত। ৮ জানুয়ারি আনুমানিক বেলা ১১টার দিকে মাদ্রাসার কাউকে কিছু না বলে সুলাইমান নিরুদ্দেশ হয়। খবর পেয়ে স্বজনেরা এসে মাদ্রাসার আশপাশ, আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু এখনো তার কোনো সন্ধান মেলেনি।

সুলাইমানের মা ফরিদা আক্তার বুধবার প্রথম আলোকে বলেন, তাঁর ছেলের গায়ের রং কালো। উচ্চতা আনুমানিক ৪ ফুট। মুখমণ্ডল গোলাকার। স্বাস্থ্য মোটামুটি ভালো। নিখোঁজের সময় তার পরনে ছিল পাঞ্জাবি।

ফরিদা আরও বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও ছেলের সন্ধান না পেয়ে তাঁরা উৎকণ্ঠার মধ্যে আছেন। পুলিশ প্রশাসনসহ সবাই যেন তাঁর ছেলেকে খুঁজে দেন, সেই দাবি করেন তিনি।