ফরিদপুরের চরভদ্রাসন থেকে দোহারে লঞ্চ চলাচল শুরু
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট থেকে ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মৈনট ঘাট এলাকায় এর উদ্বোধন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও ট্রাফিক দপ্তরের অতিরিক্ত পরিচালক আরিফ উদ্দিন।
এরপর দুপুর পৌনে ১২টার দিকে মৈনট ঘাট থেকে যাত্রী নিয়ে পরীক্ষামূলকভাবে গোপালপুর ঘাটের উদ্দেশে একটি লঞ্চ ছেড়ে আসে। দোহার ওয়াটার সার্ভিস নামের লঞ্চটি দুপুর সাড়ে ১২টার দিকে গোপালপুর ঘাটে এসে পৌঁছায়।
যাত্রীরা ঘাটে নেমে লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন। অথচ উদ্বোধন উপলক্ষে আজ যাত্রীদের কাছ থেকে ভাড়া না নেওয়ার নির্দেশনা দিয়েছিল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
অভিযোগের পেয়ে বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক আরিফ উদ্দিন উপস্থিত যাত্রীদের ভাড়া ফেরত দেওয়াসহ সংশ্লিষ্ট লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আরিফ উদ্দিন বলেন, ‘পরীক্ষামূলকভাবে লঞ্চ চলাচলের বিষয়টি নিজে এসে দেখলাম। প্রতিদিন ভোর সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুই ঘাট থেকে প্রতি আধাঘণ্টা পরপর ১১টি করে লঞ্চ যাতায়াত করবে। সরকারি নির্দেশনা অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হবে।’