আ.লীগের সম্মেলনে অংশ নিতে ঢাকা থেকে দিনাজপুরে মোহাম্মদ আলী
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে শহরের গোর-এ-শহীদ মাঠ ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। আজ সোমবার সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল ও বাসে করে নেতা-কর্মীরা আসছেন সম্মেলনস্থলে। মঞ্চের নিচে চলছে স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা। মাইকে ভেসে আসছে ‘জয় বাংলা, বাংলার জয়’; ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পারি দেবো রে’।
এর মধ্যে সবার নজর কাড়ছেন লাল-সবুজ রঙের পাঞ্জাবি পরা এক যুবক। পাঞ্জাবির রঙের সঙ্গে মিলিয়ে মাথায় টুপি পরেছেন। টুপির সঙ্গে কায়দা করে লাগানো হয়েছে নৌকা আর বাংলাদেশের পতাকা। হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে সম্মেলনস্থলে ঘুরছেন ওই যুবক। প্ল্যাকার্ডে লেখা—‘শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল-মতনির্বিশেষে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য জননেত্রীর সরকার বদ্ধপরিকর।’
অভিনব সাজে সম্মেলনে আসা এই যুবকের নাম মোহাম্মদ আলী (৩৭)। তাঁর বাড়ি শরীয়তপুর জেলা শহরের চিকন্দী এলাকায়। তবে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকার বাসাবোতে থাকেন। সম্মেলন উপলক্ষে আজ সকালে ঢাকা থেকে দিনাজপুরে এসেছেন তিনি।
মোহাম্মদ আলীর নিজেকে পরিচয় দিলেন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে। তাঁর দাবি, গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের যেখানেই আওয়ামী লীগের সম্মেলন হয়, সেখানেই অংশগ্রহণ করেন তিনি। মানুষের কাছে পৌঁছে দেন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা।
মোহাম্মদ আলী বলেন, দিনের অধিকাংশ সময় ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে থাকেন তিনি। প্রিয় দলের নেতা-কর্মীরা যা অর্থ সহায়তা দেন, সেটা দিয়েই তাঁর সংসার চলে। দলের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে ওবায়দুল কাদের, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপসসহ অনেকে তাঁকে চেনেন বলে দাবি করেন তিনি।
এদিকে আজ বেলা সাড়ে ১১টার দিকে গোর-এ-শহীদ মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়েছে। মঞ্চের সামনের চেয়ারগুলোতে অবস্থান নিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। এর আগে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ২৩ ডিসেম্বর। প্রায় ১০ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত আছেন।