জামায়াতের উদ্দেশে যুবদল নেতা বললেন, ‘আমার বিলাই আমারে কয় ম্যাও’

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. গাফফার হোসেন
ছবি: সংগৃহীত

‘প্রত্যেকটা সেন্টারে আমাদের বাহিনী থাকবে। প্রত্যেকটা এলাকায় আমাদের লোক থাকবে। আমরা জিয়াউর রহমানের আদর্শ। বুকে সৎ সাহস নিয়া বাঁশের লাঠি নিয়া দাঁড়াইয়া থাকব। জান্নাতের টিকিট বিক্রি করছ, তোমাদের টিকিটে পানি ঢাইল্লা দিমু। আস ইনশাল্লাহ, কথা হবে ভবিষ্যতে। ইলেকশনে আস, আস কোন লেভেলের খেলা তোমরা খেলো আর আমরা কোন লেভেলের খেলা খেলতে পারি, তোমাদের দেখাবো। আর সহ্য করা হবে না। আমার বিলাই আমারে কয় ম্যাও।’

জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ইঙ্গিত করে এসব কথা বলেছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. গাফফার হোসেন। চাঁদপুর-২ আসনে আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে তিনি নিজের ফেসবুক আইডি থেকে গতকাল রোববার সকালে এই ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি আজ সোমবার ফেসবুকে অনেকেই নতুন করে আপলোড করেন।

ভিডিওতে যুবদল নেতা মো. গাফফার হোসেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ‘সাবধান, তোমাদের আরও সাবধান করলাম। দৌড়-ফাল বন্ধ কর। এ দেশে বাঁচতে হলে, থাকতে হলে বাংলাদেশের আইন, বাংলাদেশের নিয়ম, জনগণের স্বার্থ সবকিছু বিবেচনা কইরা বাঁচতে অইব। তোমরা তোমাদের মতো দেশ চালাইবা, তোমাদের মতো করবা—এত স্বপ্ন দেখ কেন? কী আছে তোমাদের? অবৈধ ছাড়া বৈধ কোনো রাস্তা আছে তোমাদের? ফেসবুক খুললেই শুধু দেখি, তোমাদের লাফালাফি। কয়ডা ভোট আছে, কয়ডা ভোট নিয়া আছো।’

যুবদল নেতা মো. গাফফার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে এই ভিডিওর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তাঁর প্রচারিত ভিডিওর একটি খণ্ডিত অংশ প্রবাসী এক ইউটিউবারের আইডি থেকে প্রচার করা হয়েছে। এ কারণে পরে তিনি সংশোধন করে ফেসবুকে আরেকটি ভিডিও ছাড়েন। তিনি অভিযোগ করেন, কয়েক দিন আগে জামায়াতের এক নেতা তাঁকে হুমকি দেওয়ার জেরে তিনি সতর্কবার্তা হিসেবে ওই ভিডিও ফেসবুকে প্রচার করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, নেতা-কর্মীদের দলের আদর্শ বজায় রেখে কথাবার্তা বলতে হবে। কাউকে হুমকি বা আঘাত করা যাবে না। বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানান।