ধামরাইয়ে অবৈধ সিসা তৈরির কারখানা বন্ধ, জরিমানা আদায়সহ রোপণ করা হলো গাছের চারা

ঢাকার ধামরাইয়ে গতকাল বৃহস্পতিবার রাতে পরিবেশদূষণকারী সিসা তৈরির কারখানা বন্ধ করে কারখানার এক পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে উপজেলা প্রশাসনছবি: সংগৃহীত

ঢাকার ধামরাই উপজেলায় ব্যাটারি গলিয়ে অবৈধভাবে সিসা তৈরির তিনটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এর মধ্যে একটি কারখানার কার্যক্রম চলমান থাকায় সেটির কার্যক্রম বন্ধসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া কারখানার এক পাশে পাঁচটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে কারখানার মালিককে সেগুলোর যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মালঞ্চ ও সুতিপাড়া ইউনিয়নের সাহা বেলিশ্বর এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মালঞ্চ ও সুতিপাড়া ইউনিয়নের সাহা বেলিশ্বর এলাকায় ব্যাটারি গলিয়ে অবৈধভাবে সিসা তৈরি করা হচ্ছিল। সম্প্রতি বিষয়টি জানতে পারে উপজেলা প্রশাসন। গতকাল রাত ১০টার দিকে ওই দুটি এলাকার তিনটি কারখানায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফিসহ ধামরাই থানার পুলিশ উপস্থিত ছিলেন। অভিযানের সময় ভাড়ারিয়া ইউনিয়নের দুটি কারখানার কার্যক্রম বন্ধ পান তাঁরা। সুতিপাড়া ইউনিয়নের সাহা বেলিশ্বর এলাকার কারখানার কার্যক্রম চলমান থাকায় পানি দিয়ে ব্যাটারি গলিয়ে সিসা তৈরির চুল্লি নিভিয়ে দেওয়া হয়। এ ছাড়া কারখানা বন্ধ করে দেওয়াসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে কারখানার মালিক আজিজুল হাকিমকে সঙ্গে নিয়ে কারখানার এক পাশে উপজেলা প্রশাসনের সঙ্গে করে নিয়ে যাওয়া পাঁচটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে সেগুলোর যত্ন নিতে মালিককে নির্দেশ দেওয়া হয়।

ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি বলেন, অবৈধভাবে সিসা তৈরির তিনটি কারখানায় অভিযান চালানো হয়েছে। দুটি কারখানার কার্যক্রম বন্ধ অবস্থায় পাওয়া যায়। একটি কারখানার কার্যক্রম চলমান ছিল। ওই কারখানা বন্ধ করে দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, ‘পরিবেশদূষণকারী ওই কারখানার মালিককে পরিবেশ সুরক্ষায় যুক্ত করতে তাঁকে সঙ্গে নিয়ে কারখানার এক পাশে গাছের চারা রোপণ করা হয়েছে। কারখানার মালিক ভুল বুঝতে পেরেছেন এবং এসব গাছের যত্ন নেবেন বলে জানিয়েছেন।’