ফেনীতে একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে আরেকটি ট্রাক। এ সময় পেছনে থাকা ট্রাকটির চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই ট্রাকের চালক। আজ শনিবার সকালে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নাঈম (৩০)। তিনি যশোর জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা। আহত চালকের নাম মোহাম্মদ ইব্রাহিম (৩২)। তাঁর বাড়ি রাজধানী ঢাকার সাভার উপজেলার দরফ পাঁজা ঘাট এলাকায়।
পুলিশ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে টিনবোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় রাসায়নিকবোঝাই দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টিনবোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় রাসায়নিকবোঝাই ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকটির চালকের সহকারীর। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে আহত অবস্থায় উল্টে যাওয়া ট্রাকটির চালককে উদ্ধার করে। এরপর চিকিৎসার জন্য তাঁকে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) রোকন উদ-দৌলা প্রথম আলোকে বলেন, ‘আহত ইব্রাহিমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কামুক্ত।’
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।